মাদ্রিদ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘরোয়া লিগে সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্র"প পর্বটা দারুণভাবেই শুরু করেছে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস। নিজেদের মাঠে রোববার চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান সিরি-আ'র সাবেক চ্যাম্পিয়নরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই ২৫ মিটার দূর থেকে আচমকা এক শটে গোল করে আলেসান্দ্র দেলপিয়েরো চমকে দিয়েছেন রিয়ালকে। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যামাউরি ব্যবধান দ্বিগুণ করেছেন। ৬৬ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন রুড ফন নিস্টলরয়।
গোল বন্যার এই দিনে জয় পেয়েছে ইউরোপ সেরা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। এছাড়াও জিতেছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল ও স্প্যানিশ ক্লাব ভিলা রিয়ালও।
দিমিতার বার্বাতোভের জোড়া গোলের সঙ্গে ওয়েইন রুনির লক্ষ্যভেদ প্রতিবেশি স্কটল্যান্ডের চ্যাম্পিয়ন সেল্টিকের বিপক্ষে ৩-০ গোলের জয় এনে দিয়েছে ম্যান ইউকে, ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে বায়ার্নও জিতেছে তিন গোলেই। মিরোস্লাভ ক্লোসা, ব্যাস্টিয়ান সোয়েইনস্টাইগার আর ব্রাজিলিয়ান জে রবার্তো করেছেন গোল তিনটি।
'ই' গ্র"পে ম্যান ইউর সঙ্গী ভিলা রিয়াল জিতেছে দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি। বদলি খেলোয়াড় হোসেবা লরেন্তের হ্যাটট্রিক আর সেই সঙ্গে জিউসেপ্পে রসি, হুয়ান ক্যাপডেভিয়া ও রবার্ট পিরেসের লক্ষ্যভেদ সুইডিশ ক্লাব অ্যালবোর্গের বিপক্ষে ৬-৩ গোলের জয় এনে দিয়েছে তাদের। প্রথমার্ধে ২-২ গোলে অমীমাংসিত এই ম্যাচে কিন্তু অ্যালবোর্গই প্রথমে এগিয়ে গিয়েছিল! ম্যারেক স্যাগানোভস্কির ওই গোলটির পর থমাস এনেভল্ডসেন ও আন্দ্রিয়াস ইয়োহানসন গোল করেছেন তাদের পক্ষে।
ইস্তাম্বুলে ফেনেরবাচের বিপক্ষে আর্সেনালের ৫-২ গোলের জয়ে গোল করেছেন ইমানুয়েল আদেবায়র, থিও ওয়ালকট, আবু দিয়াবি, আলেজান্ডার সং আর অ্যারন র্যামসি। গোল করেছেন মাইকেল সিলভেস্টারও, তবে সেটা নিজেদের জালে, আর ফেনেরবাচের অন্য গোলটি করেছেন ড্যানিয়েল গুইজা।
তবে জিততে পারেনি সাবেক চ্যাম্পিয়ন পোর্তো আর স্টুয়া বুখারেস্ট। ইউক্রেনের দিনামো কিয়েভের কাছে একমাত্র গোলে হেরে গেছে পোর্তো, আর স্টুয়া বুখারেস্টকে ৫-৩ গোলে হারিয়েছে ফ্রান্সের অলিম্পিক লিওঁ। করিম বেনজেমা আর ফ্রেড দুটি করে আর কাদের কেইতা একটি গোল করেছেন লিওঁর পক্ষে, স্টুয়ার হয়ে তিনটি গোল ফিরিয়ে দিয়েছেন আর্তুরো, ডোরিন গোইয়ান আর অভিদু পেত্রে।
মঙ্গলবার ড্র হয়েছে একটাই মাত্র ম্যাচ, তাতে গতবারের উয়েফা কাপ জয়ী জেনিত সেন্টপিটার্সবুর্গের কাছ থেকে একটি পয়েন্ট কেড়ে নিয়েছে নবাগত বেট বরিসভ। খেলাটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবারের ম্যাচগুলোর ফল:
গ্র"প-ই
ম্যানচেস্টার ইউনাইটেড ৩ : সেল্টিক ০
ভিলা রিয়াল ৬ : অ্যালবোর্গ ৩
গ্র"প-এফ
বায়ার্ন মিউনিখ ৩ : ফিওরেন্টিনা ০
অলিম্পিক লিওঁ ৫ : স্টুয়া বুখারেস্ট ৩
গ্র"প-জি
আর্সেনাল ৫ : ফেনেরবাচে ২
দিনামো কিয়েভ ১ : পোর্তো ০
গ্র"প-এইচ
জুভেন্টাস ২ : রিয়াল মাদ্রিদ ১
জেনিত সেন্ট পিটার্সবুর্গ ১ : বেট বরিসভ ১
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৪৫ ঘ.
bdnews24