ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পারফরম্যান্সের অধোগতির কারণে দেশে ফিরে আসতে হচ্ছে আসিফকে। মানে বৃত্তির দেড় বছর মেয়াদকালের ১০ মাস বাকি থাকতেই দেশের এই কৃতি শ্যুটারের প্রশিক্ষণ শেষ হয়ে যাচ্ছে চীনের অলিম্পিক হাই পারফরম্যান্স শ্যুটিং সেন্টারে।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ এ খবর দিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "তার পারফরম্যান্সের কোনো উন্নতি না দেখে অলিম্পিক সলিডারিটি এই বৃত্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে আসিফের পারফরম্যান্স খারাপ হওয়ার কথা উল্লেখ করে একটি ই-মেইল পাঠিয়েছে। সেখানে ৩১ ডিসেম্বর তার বৃত্তি শেষ হয়ে গেছে বলে লেখা হয়েছে।"
আসিফ হোসেন খান গত এপ্রিলে চীনের গুয়াংজু শুটিং সেন্টারে গিয়েছিলেন অলিম্পিক সলিডারিটির বৃত্তি নিয়ে। কথা ছিল ওখানে দেড় বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন কমনওয়েলথ ও সাফ গেমসের সোনাজয়ী এই শ্যুটার। কিন্তু তার গত আট মাসের পারফরম্যান্স আশানুরূপ নয় বলে এই বৃত্তি বাতিলের কথা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে অলিম্পিক সলিডারিটি। কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ বলছেন, "দিন দিন তার পারফরম্যান্সের অবনতি হয়েছে। অথচ এই বৃত্তির আওতায় অন্যান্য দেশের আরো ৯ জন শ্যুটার ভাল করেছে। তাই অলিম্পিক সলিডারিটি আর তার পেছনে অর্থ খরচ করতে চাইছে না।" তবে তার বর্তমান স্কোর সম্পর্কে কিছু জানানো হয়নি, বিওএ পাল্টা ই-মেইলে সেটা জানতে চেয়েছে তাদের কাছে,"স্কোরের কথা কিছু বলেনি তারা। তাই আমরা বিস্তারিত জানানোর জন্য পাল্টা ই-মেইল করেছি তাদের কাছে"-- বলেছেন বিওএ প্রধান নির্বাহী।
তবে একটা স্কোর জানা গেছে বিওএ সূত্রে। গত ৩ থেকে ১৩ ডিসেম্বর কুয়েতে অনুষ্ঠিত একাদশ এশিয়ান শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ৫৮০ স্কোর করেছেন সাফে সোনাজয়ী এই বাংলাদেশী শ্যুটার। এটাকে মোটেও ভাল স্কোর বলতে পারছেন না নাজিমউদ্দিন আহমেদ। বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের এই সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আসিফের মতো শুটারের জন্য এটা মোটেও ভাল স্কোর নয়। কোনো জুনিয়র শ্যুটারের জন্য ভাল বলা যায়। ট্রেনিং করতে যাওয়ার সময়ই ৫৯০-এর ওপরে স্কোর ছিল তার। ওখানে উন্নত প্রশিক্ষণে স্কোর ভাল না হয়ে অবিশ্বাস্যভাবে খারাপ হয়েছে।" তিনি কয়েকটি ই- মেইল পাঠিয়েছেন আসিফের কাছে, কিন্তু তার কাছ থেকে কোনো জবাব পাননি। তাই এই শ্যুটার কবে ফিরছেন তা-ও বলা যাচ্ছে না।
পারফরম্যান্সের অধোগতির কারণে আসিফের ২০০৮ বেজিং অলিম্পিকও ভেস্তে গেছে বলে জানিয়েছেন কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ। অলিম্পিক সলিডারিটি তাকে বেইজিং অলিম্পিকের জন্য মনোনীত করেনি। তার মানে এই নয় যে অলিম্পিকে অংশহগ্রহণের সুযোগ একেবারে শেষ হয়ে গেছে আসিফের। বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেছেন, "বাংলাদেশ তো একটা ওয়াইল্ড কার্ড পাবে, সেই সুযোগটা কাজে লাগাতে পারবে আসিফ। সেজন্য এই কমাসে নিজের স্কোরের উন্নতি করতে হবে তাকে।"
বৃত্তি শেষ হয়ে গেলেও বেইজিং আলিম্পিকের আশা এখনো বেঁচে আছে আসিফের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24