২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসিয়াসের নৈপূণ্যে রিয়ালের জয়, এফএ কাপে জিতেছে আর্সেনাল

প্রায় ঘণ্টাখানেক সামাল দিয়েছেন প্রতিপক্ষের আক্রমণ। ইকার ক্যাসিয়াস অমন উত্তুঙ্গ পারফরম্যান্স না দেখালে কি হতে পারত এ নিয়ে ভাবনার অবকাশ অবশ্য নেই রিয়াল মাদ্রিদের। রোববার স্প্যানিশ প্রিমেরা লিগে রিয়াল জারাগোজাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুবাদেই আরো সংহত হয়েছে তাদের শীর্ষস্থান। একইদিন ইংলিশ এফএ কাপে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

মাদ্রিদ/লন্ডন, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় ঘণ্টাখানেক সামাল দিয়েছেন প্রতিপক্ষের আক্রমণ। ইকার ক্যাসিয়াস অমন উত্তুঙ্গ পারফরম্যান্স না দেখালে কি হতে পারত এ নিয়ে ভাবনার অবকাশ অবশ্য নেই রিয়াল মাদ্রিদের। রোববার স্প্যানিশ প্রিমেরা লিগে রিয়াল জারাগোজাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুবাদেই আরো সংহত হয়েছে তাদের শীর্ষস্থান। একইদিন ইংলিশ এফএ কাপে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। গত সাত সফরে বার্নাব্যুতে কোনো ম্যাচ জেতেনি জারাগোজা। রেকর্ডটা ভাঙতেই মরিয়া হয়েই নেমেছিল তারা। বিরতির পর অনেকখানি সময় পর্যন্ত রিয়াল স্রেফ প্রতিহত করেই গেছে তাদের আক্রমণ। রিয়াল বলতে ক্যাসিয়াস। অসাধারণ নৈপূন্যে মৌসুমের সেরা ম্যাচটি খেলেছেন এই কিপার। ৬৫ মিনিট প্রথম বারের মতো সত্যিকার আক্রমণে যায় স্বাগতিকরা। তা থেকেই গোল। রবিনিয়োর সঙ্গে দারুণ বোঝাপড়ায় হেডে গোলটি করেছেন রুদ ফন নিস্টলরয়। ১১ মিনিট পর একক প্রচেষ্টাতেই দ্বিতীয় গোলটি করেছেন রবিনিয়ো। ক্যাসিয়াসের যুদ্ধ শেষ পর্যন্ত চলেছে। সুবাদেই খালি হাতে ফিরেছে জারাগোজা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকল রিয়াল। তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে দেপোর্তিভো করুনাকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সংগ্রহ ৩৫। এছাড়া রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। অন্য ম্যাচে লেভান্তের সঙ্গে গোলশুন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫২০ঘ.