ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- মানসম্পন্ন খেলোয়াড় সংকটে ভুগছে বাংলাদেশের ফুটবল। নেহেরু কাপ ও মারদেকা কাপের জন্য দুটো দল গড়তে গিয়ে তা আরো প্রকট হয়ে দেখা দিয়েছে। তারপরও রোববার ১৮ ও ২০ জনের দুটো দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে আগের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অনুষ্ঠেয় নেহেরু কাপের দলটিই শক্তিশালী করে গড়া হয়েছে।
সবদিক থেকেই বাংলাদেশের ফুটবলে এখন টানাপোড়েন চলছে। অর্থ-কড়ির বিবেচনায় বাফুফের অবস্থা "দিনে এনে দিনে খাওয়ার মতো" (এটা বাফুফে সভাপতির মন্তব্য)। আর মানসম্পন্ন খেলোয়াড় পাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা। দুটো দল গড়তে গিয়ে মনে হয়েছে, কাঁথা ওপরের দিকে টানলে ফাঁকা হয়ে যায় পায়ের দিক। "সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের কথা ভেবে নেহেরু কাপের দল শক্তিশালী করতে গিয়ে মারদেকা কাপের দলটা একটু দূর্বল হয়ে গেছে। এছাড়া কোনো উপায়ও ছিল না"--- বলেছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু।
অবস্থা এত খারাপ যে কয়েকজন ফুটবলারের অবসর নেওয়ার পরিকল্পনাও বাদ দিতে হয়েছে। শুনুন ভারপ্রাপ্ত বাফুফে সম্পাদক ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালুর মুখে, "রজনী, নজরুল, টিটু, মতিউর মুন্না ও আলফাজ আমার কাছে এসেছিল অবসর নেওয়ার কথা বলতে। তাদের বুঝিয়ে-সুজিয়ে আমি খেলতে রাজি করিয়েছি এবং তারা ভালমতোই প্র্যাকটিস করেছে।"
দল নির্বাচনের আগে মোটামুটি গণ-ইনজুরি হানা দিয়েছিল বিকেএসপিতে বাংলাদেশ দলের ক্যাম্পে। ইনজুরিতে পড়েছিলেন নজরুল, টিটু, হাসান-আল মামুন, জাহেদ পারভেজ ও জাহিদ হোসেন। আগেরদিন মালু এ নিয়ে ভীত থাকলেও রোববার জানিয়েছেন, "আজ সকালে ডাক্তার পরীক্ষার পরই তাদের দলে রাখা হয়েছে। ডাক্তার বলেছেন, কোনো সমস্যা হবে না।" আর সেই ভেবেই নজরুল ইসলামকে নেহেরু কাপের এবং হাসান আল মামুনকে মারদেকার কাপের অধিনায়ক মনোনীত করে দল গঠন করা হয়েছে।
নেহেরু কাপের জন্য ২০ সদস্যের যে দল ঘোষনা করা হয়েছে তাতে একেবারে নতুন মুখ ফরাশগঞ্জের গোলরক্ষক মামুন খান, দুই ডিফেন্ডার শেখ রাসেলের আতিকুর রহমান মিশু ও ফরাশগঞ্জের এস এম রাজিব এবং ফরাশগঞ্জে মিডফিল্ডার আকরামুজ্জাম লিটন। বাংলাদেশের মারদেকা কাপের দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দুই তরুণ মোহামেডানের মোহাম্মদ রনি ও খুলনা আবাহনীর জি এম মামুন। দুজনই স্ট্রাইকার, সদ্যসমাপ্ত বি. লিগে মোটামুটি খেলেছেন। তবে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সির চাপ কতোটা সইতে পারবেন তা বলা মুশকিল। তাদের সঙ্গে মারদেকাগামী দলে আছেন একমাত্র অভিজ্ঞ স্ট্রাইকার মুক্তিযোদ্ধার সাইফুর রহমান মনি, ঘরোয়া মওসুমটা যার তেমন ভাল কাটেনি বলা যায়।
তুলনায় নেহেরুকাপের দলের ফরোয়ার্ড-লাইন শক্তিশালী। মুক্তিযোদ্ধার আলফাজ আহমেদের ফর্ম নিয়ে সংশয় থাকলেও আবাহনীর জাহিদ হাসান এমিলি ও ফরাশগঞ্জের রবিন খানের অন্তর্ভূক্তি আশাবাদী করে তোলার মতো।
জাতীয় দলের মর্যাদা দিয়ে দুটো দল ঘোষনা হয়ে গেলেও এখনো নির্দিষ্ট করে নাম রাখা হয়নি দলগুলোর। আপাতত আগামী ১৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ভারতের দিল্লীতে অনুষ্ঠেয় নেহেরু কাপগামী দলের ম্যানেজার করা হয়েছে মোজাম্মেল হক মুক্তাকে। এই দলের কোচ হয়েই নিজের দেশে টুর্ণামেন্ট খেলতে যাচ্ছেন সৈয়দ নাঈমুদ্দিন। এবং ১৯ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপের দলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কোচ হাসানুজ্জামান বাবলুকে। ওই দলের ম্যানেজার করা হয়েছে বিতর্কিত আমিরুল ইসলাম বাবুকে। যিনি প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে আবার মালয়েশিয়াগামী দলে থাকতে রাজি হয়েছেন বলে বাফুফে সম্পাদক জানিয়েছেন।
নেহেরু কাপের দল : গোলরক্ষক - বিপ্লব ভট্টাচার্য (ঢাকা আবাহনী), জিয়াউর রহমান (শেখ রাসেল) ও মামুন খান (ফরাশগঞ্জ ) রক্ষণভাগ - রজনী কান্ত বর্মণ (মুক্তিযোদ্ধা), নজরুল ইসলাম (ঢাকা আবাহনী), ফিরোজ মাহমুদ হোসেন টিটু (মুক্তিযোদ্ধা), ওয়ালী ফয়সাল (ঢাকা আবাহনী), আরিফুল ইসলাম (ঢাকা মোহামেডান), আতিকুর রহমান মিশু (শেখ রাসেল), এস এম রাজিব (ফরাশগঞ্জ), কাজী মোফাজ্জল হোসেন সৈকত (চট্টগ্রাম মোহামেডান) মধ্যমাঠ - মেহেদী হাসান উজ্জ্বল (আবাহনী), আরমান আজিজ (মুক্তিযোদ্ধা), আবুল হোসেন (ঢাকা আবাহনী), জাহিদ হোসেন (ঢাকা মোহামেডান), জাহেদ পারভেজ (ঢাকা আবাহনী), আকরামুজ্জামান লিটন (ফরাশগঞ্জ) আক্রমণভাগ - আলফাজ আহমেদ (মুক্তিযোদ্ধা), জাহিদ হাসান এমিলি (ঢাকা আবাহনী) ও রবিন (ফরাশগঞ্জ), এ কে এম শফিকুল ইসলাম (দলনেতা), মোজাম্মেল হক মুক্তা (ম্যানেজার), সৈয়দ নাঈমুদ্দিন (কোচ), সৈয়দ গোলাম জিলানী (সহকারী কোচ), দেবাশীষ চৌধুরী (চিকিৎসক)
মারদেকা কাপের দল : গোলরক্ষক -এম এন শাকিল (শেখ রাসেল), মাজহারুল ইসলাম হিমেল (ঢাকা মোহামেডান),
রক্ষণভাগ- হাসান আল মামুন (মুক্তিযোদ্ধা), মোস্তফা আনোয়ার পারভেজ (মুক্তিযোদ্ধা), অমিত খান শুভ্র (ব্রাদার্স), আরাফাত আলী রনি (রহমতগঞ্জ), মাহমুদুল হাসান (শেখ রাসেল), আকরাম হোসেন (আরামবাগ), জাহিরুল ইসলাম জহির (শেখ রাসেল) মধ্যমাঠ - মতিউর মুন্না (মুক্তিযোদ্ধা), জমরাতুল ইসলাম মিঠু (ঢাকা মোহামেডান), অরূপ বৈদ্য (ফরাশগঞ্জ), মামুনুল ইসলাম মামুন (ব্রাদার্স), এনামূল হক শরীফ (ঢাকা মোহামেডান) রনি ইসলাম (ফরাশগঞ্জ) আক্রমণভাগ - সাইফুর রহমান মনি (মুক্তিযোদ্ধা), মোহাম্মদ রনি (ঢাকা মোহামেডান) জি এম মামুন (খুলনা আবাহনী) আসাদুজ্জামান খসরু (দলনেতা), আমিরুল ইসলাম বাবু (ম্যানেজার), হাসানুজ্জামান খান বাবলু (কোচ), উজ্জ্বল চক্রবর্তী (সহকারী কোচ) মনিরুল আমিন শাম্মি (চিকিৎসক)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০৩৬ঘ.
bdnews24