২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী ও সাবেক তারকাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ

আগেই বন্যার্তদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন চলচ্চিত্র শিল্পীরাও। দু পক্ষ মিলে প্রদর্শনী ফুটবল খেলে বন্যাদুগর্তদের জন্য টাকা তুলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- আগেই বন্যার্তদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন চলচ্চিত্র শিল্পীরাও। দু পক্ষ মিলে প্রদর্শনী ফুটবল খেলে বন্যাদুগর্তদের জন্য টাকা তুলবেন। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক মান্না জানিয়েছেন, "আগামী ১৭ আগস্ট প্রদর্শনী ফুটবল ম্যাচে সবার সর্বাত্মক উপস্থিতি কামনা করছি। আমরা চাই, সবাই বন্যার্তদের পাশে এসে দাঁড়ান।" ১৭ আগস্ট বিকেল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে আবাহনী- মোহামেডান ম্যাচ। তারপর চলচ্চিত্র শিল্পীরা ৩০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সাবেক ফুটবল তারকাদের সঙ্গে। তবে এই ম্যাচের টিকিট-মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। ওইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলচ্চিত্র শিল্পী ববিতা, সুচন্দা, চম্পা, রিয়াজ, ফেরদৌস, মৌসুমী, শানু, আহমেদ শরীফ, সুরুজ বাঙালী, টেলি সামাদসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এই সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, সাধারন সম্পাদক শাহ আলম কিরণ উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গন থেকে আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ, ব্রাদার্সের সাধারণ সম্পাদক মিজান উদ্দিন আহমেদ, মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২১৪০ঘ.