পুয়ের্তো ওরদাজ, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ধারে ও ভারে দুভাবেই এগিয়ে আর্জেন্টিনা। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) কোপা আমেরিকার সেমিফাইনাল প্রতিপক্ষ মেক্সিকোর চেয়ে মানসিক অগ্রগামিতা বেশিই আলফিও বাসিলের দলের। থাকাটাই উচিত। মেক্সিকোর সঙ্গে ৯ বারের সাক্ষাতে ৮ বারই জিতেছে আর্জেন্টিনা। গোলের হিসাবেও এগিয়ে তারা ১৭-১০ ব্যবধানে। এর মধ্যে গত বিশ্বকাপে লিপজিগে ২-১ গোলে জেতা দুর্দান্ত ম্যাচটি রয়েছে। আর এখানেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে মেক্সিকানরা। সে ম্যাচে ম্যাক্সি রড্রিগেজের অসাধারণ এক গোলে হার মানতে হয়েছিল তাদের, নইলে খেলার পাল্লায় তারা লড়ছিল সমানে সমানে। এবারের কোপা আমেরিকায়ও তা-ই। আর্জেন্টিনার মতো তারাও কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছে। প্রথম ম্যাচেই জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অনায়াসেই।
সে অর্থে আরেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বপ্ন দেখতেই পারে হুগো সানচেজের মেক্সিকো। আর্জেন্টিনার বিপক্ষে তাদের একমাত্র জয়টিও কোপা আমেরিকাতেই। ২০০৪ সালের টুর্নামেন্টে গ্র"প পর্যায়ে জিতেছিল তারা র্যামন মরালেসের ফ্রি কিকে। কিন্তু আর্জেন্টিনা খেলছে তুমুল দাপটে। মিডফিল্ডে হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে ফরোয়ার্ড লাইনে লায়োনেল মেসির দুরন্ত গতিতে ছিড়েখুড়ে গেছে প্রতিপক্ষ দলগুলোর রক্ষণ। টুর্নামেন্টের ৪ ম্যাচে ১৩ গোল করেছে তারা সে সুবাদেই। কোচ বাসিল খানিকটা বিব্রত কার্লোস তেভেজকে নিয়ে। পেরুর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিরতির পর নেমেই খেলার গতিধারা পাল্টে দিয়েছিলেন তেভেজ। তাই এ ম্যাচে ডিয়েগো মিলেতোর বদলে তাকেই আগে নামাবেন কিনা তা নিয়ে খানিকটা দ্বিধায় আর্জেন্টিনা কোচ।
সানচেজের সমস্যা অন্যখানে। কোয়ার্টার ফাইনালে বাঁ পায়ে ব্যাথা পেয়েছেন নেরি ক্যাস্টিলো। চার গোল করে টুর্নামেন্টে সাড়া জাগানো অলিম্পিয়াকোসে খেলা এই স্ট্রাইকার সেমিফাইনালে অনিশ্চিত এই চোটের কারণে। সানচেজ বলেছেনও সে কথা, "এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের ঘন্টাকয়েক আগে এটা অবশ্যই উদ্বেগজনক আমার জন্য। কারণ নেরি না খেললে প্রতিপক্ষের জন্য ভীতিকর একজন খেলোয়াড়কে হারাব আমরা। ওর বদলি আছে, কিন্তু তাদের ধরণ আলাদা।" নেরি অবশ্য আশাবাদী খেলার ব্যাপারে, "আমি খেলার আশা ছাড়িনি এখনও, ম্যাচটা জিততে চাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/ ১৩৩৩ঘ.
bdnews24