ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- মুক্তিযোদ্ধা ৪ : খুলনা আবাহনী ২
মুক্তিযোদ্ধা আবার স্বরূপে আবির্ভুত হয়েছে। তারা গত রোববার খুলনা আবাহনীকে ৪----২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। এতে করে ১৭ খেলায় তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট, এরপর ১৫ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী।
মুক্তিযোদ্ধা শুরু থেকেই চমৎকার খেলে গোল আদায় করে নেয়। ৫ মিনিটে অধিনায়ক সাইফুর রহমান মনির গোলে এগিয়ে যায় তারা। কিন্তু এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা, ২৫ মিনিটে তাজুল ইসলামের গোলে ম্যাচে ফিরে আসে খুলনা আবাহনী। অনেক মরিয়া হয়েও প্রথমার্ধে আর গোল বের করতে পারেনি মুক্তিযোদ্ধা।
তবে দ্বিতীয়ার্ধে আবারো দুর্বার হয়ে ওঠে তারা। ৬২ মিনিটে মারূফের গোলে এগিয়ে যাওয়া মুক্তিযোদ্ধাকে ৭০ মিনিটে আরো এগিয়ে দেন ব্রাহিম। মাঝমাঠ থেকে বল ধরে এই মরোক্কান স্ট্রাইকার খুলনা আবাহনীর ৫ জনকে পেছনে ফেলে চমৎকার এক গোল করেছেন। তার জবাব দিয়েছেন খুলনা আবাহনীর জিএম মামুন মুক্তিযোদ্ধার চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করে। যদিও তার আগে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে খালেদ সাইফুল্লাহ মাঠের বাইরে চলে যাওয়ায় ১০ জনের দলে পরিণত হয় খুলনা আবাহনী।
খেলাশেষের মিনিট খানেক আগে আলফাজের গোলে মুক্তিযোদ্ধার ৪---২ গোলে জয় নিশ্চিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৫৫ঘ.
bdnews24