টানা দ্বিতীয়বার উয়েফা কাপ জিতলো সেভিয়া
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট উয়েফা কাপের শিরোপা ধরে রেখেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। বুধবার রাতে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে বৃষ্টি ভেজা ফাইনালে স্পেনেরই ক্লাব এস্পানিয়লকে টাইব্রেকারে ৩---১ গোলে হারিয়েছে তারা।
গতবারের ফাইনালে ইংল্যান্ডের ক্লাব মিডলবরোকে ৪---০ গোলে উড়িয়ে দেওয়া সেভিয়ার এবারের জয়টা তেমন সহজ হয়নি, তবে যোগ্য দল হিসেবেই জিতেছে তারা। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে দু দুবার এগিয়েও গিয়েছিল সেভিয়া, তবে দুবারই সেই লিড স্থায়ি হয়েছে মাত্র ১০ মিনিট। ১৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানো করিয়ার করা প্রথম গোলটি ১০ মিনিট পরে শোধ করে দিয়েছেন আলবার্ট রিয়েরা। আর ১০৫ মিনিটে ফ্রেডেরিক ক্যানুটে তাদের দ্বিতীয়বার এগিয়ে নিলেও দশ মিনিটের মধ্যে সেটি শোধ করে দিয়েছেন বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাটাস। ৬৮ মিনিটে ডিফেন্ডার মইসেস হুর্তাদোকে লালকার্ড দেখিয়ে বের করে দেওয়ায় এস্পানিয়ল এ সময় ১০ জন নিয়ে খেলছিল।
কিন্তু দারুণ লড়াই করেও শেষ রক্ষা হয়নি তাদের। বৃষ্টির মধ্যে হওয়া টাইব্রেকারে সেভিয়ার গোলরক্ষক অ্যান্দ্রেস প্যালপ পর পর তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে তাদের এনে দিয়েছেন টানা দ্বিতীয় শিরোপা।
উয়েফা কাপে টানা দুবার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল আর একটি দলের---- রিয়াল মাদ্রিদ। ১৯৮৫ ও ১৯৮৬ সালে স্প্যানিশ জায়ান্টরা জিতেছিল এই শিরোপা।
