২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আর্জেন্টাইনকে ফেরত পাঠানোর অপেক্ষায় আবাহনী

বড় আশা করে আনা ম্যারাডোনার দেশের ফুটবলারদের আবার ফিরিয়ে দিচ্ছে ঢাকা আবাহনী। তিন আর্জেন্টাইনকে উড়িয়ে আনলেও ৭ ম্যাচ খেলার পর বাতিলের তালিকায় চলে গেছেন তাদের দুজন-স্ট্রাইকার হার্নান পেরোডি ও মিডফিল্ডার সানচেজ। এই দুজনকে প্রথম লেগের পর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেও আবাহনী কর্তারা এখনই মুখ খুলছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আবাহনীতে খেলছেন দুই বিদেশী স্ট্রাইকার, আর্জেন্টিনার পেরোডি ও ঘানার ইব্রাহিম। গত ৭ ম্যাচে তাদের গোলসংখ্যা মাত্র দুই। যে কারণে আবাহনীর গোলখরা কাটছে না, ভালো দল গড়েও ম্যাচ জিতছে কষ্টেসৃষ্টে। কাগজে-কলমে ভালো দল হলেও তার প্রতিফলন নেই খেলার মাঠে। তাতে করে দেশী খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যাশিত মানে না ওঠার পাশাপাশি প্রশ্নবিদ্ধ হয়েছে বিদেশীদের পারফরম্যান্সও। “বিদেশীদের পারফরম্যান্স নিয়েও আমরা সন্তুষ্ট নই এটা ঠিক। আর দেশী খেলোয়াড়রাও নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না”-বলেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু।

বিদেশীদের মধ্যে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্যাপোরেলেকে নিয়ে কোনো প্রশ্ন নেই। তার প্রশংসায় পঞ্চমুখ আবাহনী কর্তারা। ঘানার ইব্রাহিমের পারফরম্যান্স তেমন ভালো না হলেও মেনে নেওয়ার মতো। কিন্তু একেবারে মেনে নেওয়ার মতো নয় অন্য দুই আর্জেন্টাইন পেরোডি ও সানচেজের খেলা, অথচ নিয়মিত তাদের খেলিয়ে যাচেছন আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি। এ নিয়ে দেশী খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভ আছে। তাদের অভিযোগ, কোচের একগুয়েমির কারণেই আবাহনীর খেলা প্রত্যাশিত মানে পৌঁছাতে পারছে না। তাই প্রথম লেগের পর দুই আর্জেন্টাইনকে ‘গুডবাই’ জানানোর সিদ্ধান্ত হয়ে গেলেও এ নিয়ে আবাহনী কর্তারা মুখ খুলছেন না। হয়তো প্রথম লেগের তিনটি ম্যাচ বাকি আছে বলেই দলের পারফরম্যান্সে এর প্রভাব পড়তে পারে ভেবে তারা কিছু বলতে চান না।

মুখে কিছু না বললেও আবাহনীর প্র্যাকটিস দেখলেই স্পষ্ট হয়ে যায়, তারা নতুন বিদেশীর সন্ধানে নেমেছে। দুদিন ধরে নীল-আকাশী শিবিরে প্র্যাকটিস করছেন ব্রাদার্সে খেলা দুই বিদেশী ইনোক ও জেমস। ব্রাদার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন ইনোক বেনটাইল। খুলনা আবাহনীর বিপক্ষে ওই ম্যাচে দু গোল করার পর ঘানার এই স্ট্রাইকারকে আর দেখা যায়নি ব্রাদার্সের জার্সি গায়ে। উগান্ডার ওডোক জেমসকেও দেখা যায়নি দু ম্যাচের বেশি। তাদের দাবি, টাকা-পয়সার ব্যাপারে কথা রাখেনি ব্রাদার্স। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, “তারা আমাকে ছাড়পত্র দেখিয়ে প্র্যাকটিস করছে। তবে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিই নি।” ঘানার স্ট্রাইকার ইনোককে দ্বিতীয় লেগে আবাহনীর হয়ে খেলতে দেখা যেতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে।