২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিলো চট্টগ্রাম মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান ১ ঃ মুক্তিযোদ্ধা ০ একটাই সুযোগ, একটাই গোল এবং ওই গোলেই চট্টগ্রাম মোহামেডানের জয়। তাতেই বড় ধাক্কা খেয়ে পিছিয়ে পড়লো মুক্তিযোদ্ধা এবং সামনে চলে এলো দলের দূর্বলতাগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আর চট্টগ্রাম মোহামেডান অবশেষে শক্তিশালী দল হিসেবে স্বীকৃতি পেল। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের সঙ্গে তারা চমৎকার খেলেও জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে সেই ধারায় খেলে বড় এক অঘটনের জন্ম দিয়ে নিজেদের সামর্থের প্রামাণ দিয়েছে। নিজেদের মাঠ চট্টগ্রাম স্টেডিয়ামে শুরু থেকেই গোছানো ফুটবল খেলেছে মোহামেডান। তবে গোলের পরিস্কার সুযোগটা পেয়েছে ৫৩ মিনিটে, যখন মুক্তিযোদ্ধার রক্ষনভাগ একটু অরক্ষিত হয়ে পড়েছিল ঘানসা ও হাসান আল মামুনের ইনজুরিতে। সেই সুযোগে গিনির মিডফিল্ডার কামার মাঝমাঠ থেকে মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল দেন ইউসুফকে আর  স্ট্রাইকার ইউসুফ বাঁ পায়ের কোনাকুনি শটে তা জালে জড়িয়ে দিয়ে উৎসবে মাতিয়ে তোলেন স্বাগতিক দলের সমর্থকদের। বি. লিগে ইউসুফের এটা দ্বিতীয় গোল।

শেষ পর্যন্ত ওই গোলটি ধরে রেখে ম্যাচ জিতে নেওয়ায় ভীষণ খুশি চট্টগ্রাম মোহামেডানের কোচ নজরুল ইসলাম লেদু, “এটাই হচ্ছে আমাদের সামর্থ্য। এভাবেই আমরা শেষ পর্যন্ত খেলে যেতে চাই।” অন্যদিকে মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফের কন্ঠে ঝড়েছে হতাশা, “আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি, এজন্যই হেরেছি। মানতে হবে, ওরাই ভালো খেলেছে।”

মুক্তিযোদ্ধার কোচ যে সুযোগের কথা বলেছেন সেগুলো আসলে নষ্ট হয়নি। চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষক টিটো অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন মনি ও আলফাজের শট। মতিউর মুন্নার আরেকটি শট ক্রসবার উঁচিয়ে গেলে নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার পরাজয়।