২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের সঙ্গে ড্র করলো মোহামেডান

ঢাকা মোহামেডান ১ ঃ শেখ রাসেল ১

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কাগজে কলমের শক্তিতে শেখ রাসেল এগিয়ে থাকলেও মাঠে তা অনূদিত হয়নি। উল্টো মনে ধরেছে তারুণ্য নির্ভর ঢাকা মোহামেডানের গোছানো খেলাই। গোল করে তারাই এগিয়ে গিয়েছিল, তবে সেই গোল শোধ করে শেখ রাসেল কোনো রকমে একটি পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে শেখ রাসেল।

প্রথমার্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের নিয়ন্ত্রণ ছিল ঢাকা মোহামেডানেরই। তবে আক্রমণগুলো তেমন ভীতি ছড়াতে পারেনি শেখ রাসেলের ডিফেন্সে। তাই গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৮ মিনিট পর্যন্ত।রাসেলের ডিফেন্সে একটু ভুল বোঝাবুঝিরও খানিকটা অবদান ছিল তাতে। জাহিদের শট রাসেলের গোলরক্ষক শাকিল গ্রিপে নিতে ব্যর্থ হলে ফাঁকায় দাঁড়ানো বর্ষীয়ান স্ট্রাইকার নকীব গোলের খাতা খুলেন বি. লিগে।

প্রথমার্ধে গোল না পেলেও রাসেলের মরোক্কান স্ট্রাইকার টোয়াটি ইউনুসের তীব্র গতির একটি শট ভয় ছড়িয়ে দিয়েছিল মোহামেডান শিবিরে। ১৯ মিনিটের তাদের গোলরক্ষক হিমেল কোনোরকমে ঠেকিয়ে মোহামেডানকে বাঁচিয়েছিল। কিন্তু ৭৩ মিনিটে সেই ইউনুসই বোকা বানিয়েছেন হিমেলকে। বাঁদিক থেকে আরেক মরোক্কান ইগির মোহাম্মদের ক্রসটিকে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে মোহামেডানের জালে পাঠিয়েছেন ইউনুস। এত চকিত গতিতে তিনি চলন্ত বলটাকে প্লেস করছেন যে তা পোস্টে জমা হওয়ার পর ঝাঁপিয়েছেন হিমেল।

দুই ম্যাচেই পরিস্কার হয়ে গেল, লিগে দুই গোল করা এই স্ট্রাইকারের পারফরম্যান্সের ওপর অনেক খানি নির্ভর করছে শেখ রাসেলের ভাগ্য। ম্যাচের শেষ মিনিটে তার হেডটি হিমেল ঠেকাতে না পারলে হয়তো বুধবারই জয় নিয়ে মাঠ ছাড়তো তারা।