চারদিনের ম্যাচের শ্রেষ্ঠত্ব এবার ঢাকার
গত রাউন্ডে রাজশাহীর শীর্ষস্থানে ভাগ বসিয়েই থেমে থাকেনি ঢাকা। ইস্পাহানী মির্জাপুর চা অষ্টম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এসে তারা গতবারের চ্যাম্পিয়নদের কাছ থেকে চারদিনের ম্যাচের শিরোপাটাও ছিনিয়ে নিয়েছে। দশম রাউন্ডে রাজশাহী চট্টগ্রামের সঙ্গে ড্র করলেও ঢাকা খুলনার বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে এই শিরোপাটা পুনরুদ্ধার করেছে।
এই ম্যাচ জেতার জন্য ঢাকার সামনে ৩৭০ রানের বড় টার্গেটই দিয়েছিল খুলনা। তবে তৃতীয় দিনের শেষেই ২ উইকেটে ১৬৮ রান তুলে তারা কাজ এগিয়ে রেখেছিল অনেকদূর। কিন্তু শেষ দিনের সকালে আগের দিনের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ না করেই আল শাহরিয়ার (৫৯) আউট হয়ে যান। উইকেটকিপার ব্যাটসম্যান সাজ্জাদ কাদিরও ২৩ বলে শূণ্য হাতে ফেরায় ১৭১/৪ হয়ে যায় ঢাকার স্কোর। সেখান থেকে শামসুর রহমান (৫০) এবং মার্শাল আইয়ুবের (৪৯) ৯২ রানের পার্টনারশিপে জয়ের সুবাস পেতে থাকা ঢাকা হোঁচট খায় ১১ রানের ভেতর ওই দুজনসহ তিনটি উইকেট হারিয়ে। ২৭৫ রানে ৭ উইকেট হারানো ঢাকার এই জয়ের কৃতিত্ব আট ও নয় নাম্বার ব্যাটসম্যান রাশেদুল ইসলাম এবং নাজমুল হোসেনের। তাদের ১০৩ রানের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটি শিরোপা জয়ের আনন্দ এনে দেয় ঢাকার শিবিরে। নাজমুল ৭৪ বলে ৬৫ রানের ইনিংসটা সাজানো ছিল ৯ বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে। তুলনায় সংযত রাশেদুলের ৬৩ বলে ৩১ রানও ম্যাচ উইনিং ইনিংসের মর্যাদাই পাচ্ছে।
