তবু হ্যাটট্রিক শিরোপার ব্যাপারে আশাবাদী পন্টিং
“বিশ্বকাপের চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই এই টুর্নামেন্টে আমরা উজ্জীবিত হয়ে ভাল খেলতে না পারলে শিরোপা জিততে পারবো না। আমি জানি যে এখন আমাদের ফেভারিটের সম্মানটা প্রশ্নবিদ্ধ। তবে এক বার খেলা শুরু হয়ে গেলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা এখনো ফেভারিট”Ñ ক্রিকেটের সবচেয়ে বড় আসরে অস্ট্রেলিয়াকে নিয়ে রিকি পন্টিংয়ের আশাবাদ। বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বুধবারই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হল অস্ট্রেলিয়া। টানা ৫ ম্যাচে পরাজয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে স্বদেশবাসীরা যখন আশঙ্কায় জর্জরিত ঠিক তখনই অধিনায়কের মন্তব্য হয়ত তাদের আশাবাদী করে তুলবে অনেকখানি। কারণ ব্যাট হাতে পন্টিংয়ের উজ্জ্বল পারফরম্যান্সের সঙ্গে ক্ষুরধার নেতৃত্বর যোগফলেই অস্ট্রেলিয়া আজ বিশ্ব ক্রিকেটের বিশ্ব বিজয়ী দল।
যদিও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সেই চির পরিচিত মানসিকতা গত কয়েক দিনে তাদের মধ্যে অনেকখানি অনুপস্থিত। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের শুরু থেকেই টানা জিতে ফাইনাল নিশ্চিত করতে একটুও সমস্যা হয়নি পন্টিংয়ের দলের। কিন্তু সারা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে প্রথম দুটো ফাইনালে হেরে শিরোপাটা তারা তুলে দিল ইংল্যান্ডের হাতে। সেটাকে যারা নিছক ‘দুর্ঘটনা’ হিসাবে মনে করেছিল চ্যাপেল---হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখে তাদের একেবারে হতভম্ব হওয়ার যোগাড়! ৩৩৬ ও ৩৪৬ রান করেও অস্ট্রেলিয়া পরাজিত এবং সেই সুবাদে প্রায় দশ বছর পর কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ! কাটা ঘায়ে নুনের ছিটা দেয়ার মতোই নিউজিল্যান্ডের কাছে এই লজ্জাজনক পরাজয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানও হাতছাড়া হল অস্ট্রেলীয়দের। সেজন্যই তারা ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার আগে সবচেয়ে বেশি যে প্রশ্নটা উচ্চারিত হয়েছে তা হল,“অস্ট্রেলিয়া কি বিশ্বকাপের শিরোপা অক্ষুন্ন রাখতে পারবে?” পন্টিং কিন্তু প্রশ্নটার উত্তর দিয়েছেন দৃঢ়তার সঙ্গেই,“আমি তো বুঝতে পারছি না কেন তা পারবো না আমরা। এই দলে যে খেলোয়াড়দের পেয়েছি তাদের নিয়ে আমি সত্যিই খুশি। গত কয়েক দিনে দলের মধ্যে কিছু সমস্যা দেখা গেছে। তবে আমার ধারণা নিজেদের সেরা খেলাটা না খেলতে পারলে সেটাই স্বাভাবিক। আর নিঃসন্দেহে আমরা সেরাটা ঢেলে দিতে পারিনি। তবে একটা কথা মনে রাখতে হবে। সেরা ১১ জনের ৬/৭ জনকেই এ সময়টায় আমরা পাইনি। এবং সম্ভবত এই ব্যাপারটা নিয়ে গত কয়েক সপ্তাহ খুব বেশি আলোচনাও হয়নি।”
পারফরম্যান্সের পাশাপাশি আরেকটা ব্যাপার নিয়েও এ মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নরা দুশ্চিন্তায়। সেটা দলের গুরুত্বপূর্ণ কয়েক জন খেলোয়াড়ের চোট জনিত সমস্যা। স্বয়ং পন্টিংয়েরই পিঠে ব্যথা। এছাড়া মাইকেল ক্লার্কের নিতম্বে চোট। দু জনেই অবশ্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পথে। তবে বাইসেপের শিরা ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করানো অ্যান্ড্রূ সাইমন্ডস মিস করতে পারেন প্রথম দুটো ম্যাচ। চ্যাপেল--হ্যাডলি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ান রেকর্ড অপরাজিত ১৮১ রানের ইনিংস খেলার পথে গোড়ালিতে ব্যথা পাওয়া ম্যাথু হেইডেনও সেরে ওঠেননি এখনো। ১৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে না--ও খেলতে পারেন তিনি। যদিও পন্টিং দু জনের ব্যাপারেই যথেষ্ট আশাবাদী,“সাইমন্ডস এখন তার হাত একটু--একটু নাড়াতে পারছে, শক্তিও ফিরে পাচ্ছে আস্তে আস্তে। আর হেইডেন সম্ভবত এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তবে তাকে মাঠে ফেরানোর জন্য তাড়াহুড়া না করাই ভাল।”
