ভারতের মুঠো থেকে ম্যাচ বের করে নিলো শ্রীলংকা
২৭ বলে প্রয়োজন ২৩ রান, হাতে ৫ উইকেট। ক্রিজে দুই ‘সেট’ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল দ্বিতীয় ওয়ানডেটা বুঝি সহজেই জিততে যাচ্ছে ভারত। কিন্তুকুমার সাঙ্গাকারার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিটা বিফলে যেতে দেননি শ্রীলঙ্কার বোলার--ফিল্ডাররা। রোববার পরতে--পরতে নাটকীয়তা মোড়া এক ম্যাচে ভারতকে ৫ রানে হারিয়ে ৪ ম্যাচ সিরিজে ১ -- ০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কলকাতায় সিরিজের প্রথম ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
ঘরের মাঠ ইডেন গার্ডেনে প্রিয় ভক্তদের সামনে ব্যাট করার সুযোগ পাননি সৌরভ গাঙ্গুলী। সেই হতাশা পুষিয়ে দেয়ার ইঙ্গিত ভালোমতোই রাখছিলেন ‘প্রিন্স অফ কোলকাতা’। ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারত ২৯ রানে ২ উইকেট হারিয়ে যখন বিপদের সামনে দাঁড়িয়ে ঠিক তখনই শচীন টেন্ডুলকারকে নিয়ে ১০০ রানের জুটি গড়েছেন তিনি। ৬১ বলে ৫৪ রান করা টেন্ডুলকারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটিটা ভেঙ্গেছেন লেগ স্পিনার মালিঙ্গা বান্দারা। বীরেন্দর শেবাগকে নিয়ে আর ২৫ রান যোগ করার পর সৌরভও আউট। ৬টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় ৭৯ বলে ৬২ রান করে লাসিথ মালিঙ্গাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক।
বাজে ফর্মের সঙ্গে লড়াই করে চলা শেবাগও (১৯) এর পর বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেললেও ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ধোনি--কার্তিকের ব্যাট। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ৬৬ রান যোগ করার পর আবার ছন্দপতন। মালিঙ্গার বলে কার্তিক (৩১) এলবিডব্লু। তবে অন্য প্রান্তে ধোনি থাকায় জয়ের আশা খুব কম হলেও ছিল স্বাগতিকদের। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য খ্যাত ধোনির ব্যাট রোববার ছিল আশ্চর্য রকমের শান্ত! তার ৬৮ বলে ৪৮ রানের ইনিংসে বাউন্ডারি মাত্র একটি।
ধোনি নিজের উইকেট বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনে আস্কিং রেট বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। জয়াসুরিয়ার করা শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। প্রথম বলে কুম্বলে রান আউট হলেও ৪ বলে ৫ রান ওঠায় তখনও জয়ের আশা করতে পারছিল ভারত। ২ বলে প্রয়োজন ছিল ৬ রানের। কিন্তু পঞ্চম বলটি ছক্কা মারতে গিয়ে ফারভিজ মাহরুফের দারুণ এক ক্যাচে পরিণত হলেন ধোনি। ভারতের জয়ের স্বপ্নেরও সেখানেই সলিল সমাধি!
ভারতের শেষটা ভালো হয়নি, আর শ্রীলঙ্কার শুরুটা। টসে হেরে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কানরা বেশ বিপদেই পড়ে গিয়েছিল। সেখান থেকে তাদের উদ্ধার করেছে সাঙ্গাকারা --- দিলশানের ১০৮ রানের জুটি। ৬৫ বলে ৭টি বাউন্ডারিসহ ৫৬ রান করা দিলশানকে হরভজন বোল্ড করলেও সে আঘাত দমাতে পারেনি সাঙ্গাকারাকে। ৪৯তম ওভারে এই উইকেট কিপার--ব্যাটসম্যান যখন ফেরেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১১০ রান! ১২৭ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিল ৪টি ছক্কা ও ১১টি বাউন্ডারিতে। তার এ ইনিংসের সুবাদেই লড়াই করার মতো জায়গায় পৌঁছাতে পেরেছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সেটাই নাটকীয় জয় এনে দেয়ায় সাঙ্গাকারাই ম্যান অফ দি ম্যাচ। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে মুনাফ প্যাটেল ভারতের সফলতম বোলার ।
সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বুধবার, ভেন্যু মারগাও।
