২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরীতে বিলবোর্ড সরানোর হিড়িক

ভ্রাম্যমান আদালতের নির্দেশের পর নগর জুড়ে বিলবোর্ড সরানোর হিড়িক পড়ে গেছে। শুক্রবার সকাল থেকে বিকেলের মধ্যে নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই ধারের ফুটপাত থেকে বিলবোর্ড সরাতে দেখা গেছে শ্রমিকদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

অনেক সংস্থা জরিমানা এড়াতে একদিনে মধ্যে বিশাল আকৃতির বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়ার জন্য বৃহস্পতিবার রাত থেকেই কাজ শুরু করেছে। 

যত্রতত্র স্থাপিত বিভিন্ন বিলবোর্ডের কারণে পুরো নগরীর প্রাকৃতিক শোভাকেই ঢেকে গিয়েছিল। এর ফলে দীর্ঘদিন থেকে বিভিন্ন মহল বিলবোর্ডগুলো সরানোর দাবি জানিয়ে আসছিল।

সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত  বৃহস্পতিবার এক অভিযান শেষে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ডগুলো ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপরই জরিমানা এড়াতে বিজ্ঞাপনী সংস্থাগুলো বিলবোর্ডগুলো সরাতে শুরু করে।

বহদ্দারহাট মোড়, ষোল শহর দুই নম্বর গেইট,  জিইসি মোড়, ইস্পাহানী মোড়, টাইগার পাস মোড়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বারিক বিল্ডিং মোড়,  কাজীর দেউড়ী মোড় থেকে একদিনের ব্যবধানেই উধাও হয়ে গেছে রং বেরংয়ের এসব দৃষ্টিনন্দন বিজ্ঞাপনসমূহ।

মৃত্তিকা অ্যাডভারটাইজিং এর স্বত্বাধিকারী সরোজ বড়–য়া জানান, সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশনভুক্ত ২৫টি বিজ্ঞাপনী সংস্থার ২০০টিরও বেশি বড় ধরনের বিলবোর্ড রয়েছে।

এছাড়া শহর জুড়ে অন্যান্য সংস্থার ও ব্যক্তি মালিকানাধীন ছোট বড় প্রায় ৫০০ বিলবোর্ড রয়েছে।  

এদিকে হঠাৎ করে বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশে বিপাকে পড়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলো। তাদের দাবি, সিটি কর্পোরেশনকে বৈধভাবে কর দিয়েই এসব বিলবোর্ড তারা স্থাপন করেছিলেন। এগুলো স্থাপন করতে অনেক খরচও হয়েছে বলে তারা জানান।

নগরীর ইস্পাহানী মোড়ের দি এড ফার্মের স্বত্বাধিকারী ফরিদুল আলম জানান, বিলবোর্ড সরাতে তাদের আপত্তি নেই। কিন্তু মাত্র একদিন সময় বেঁধে দেওয়ায় তাদের লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। আগে নোটিশ দিয়ে বিলবোর্ড সরানোর এ নির্দেশ দিলে তাদের এ ক্ষতির সম্মুখীন হতে হতো না।