লন্ডন/মাদ্রিদ/মিলান, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ১-০ গোলে চেলসিকে হারিয়েছে গানাররা। দিনের আরেক বড় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড একই ব্যবধানে হারিয়েছে লিভারপুলকে। সে তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে স্পেন ও ইতালির দুই শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। স্প্যানিশ প্রিমেরা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে রিয়াল। সিরি-এতে ক্যালিয়ারির বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়ে এএস রোমার সঙ্গে ব্যবধান আরো বাড়িয়েছে ইন্টার।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেলসির সর্বনাশ করেছেন তাদেরই সাবেক তারকা উইলিয়াম গালাস। আর্সেনাল অধিনায়ক ম্যাচের জয়সূচক গোলটি করেছেন প্রথমার্ধের ইনজুরি টাইমে। সেস্ক ফেব্রেগাসের কর্ণারে তার হেডটি ঠেকাতে পারেননি পিওতর চেক। খেলার চার মিনিট আগে রবিন ফন পার্সির আরেকটি গোল বাতিল হয়ে গেছে অফসাইডে। দুমিনিট পর ফাউলের অভিযোগে গোলবঞ্চিত হয়েছেন ইমানুয়েল আদেবায়োর। দিনের আরেক উত্তেজনাভরা ম্যাচে ম্যানইউকে পুরো পয়েন্ট এনে দিয়েছেন কার্লোস তেভেজ। ৪৩ মিনিটে রায়ান গিগসের কর্ণার থেকে ওয়েইন রুনির শটটি আলতো ফ্লিকে জালে জড়িয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ইউনাইটেড এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা চেলসি সমান ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট। আর লিভারপুল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
বার্নাব্যুতে এ মৌসুমে জয়ের শতভাগ রেকর্ড ধরে রেখেছে রিয়াল। রোববার ওসাসুনার বিপক্ষে ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন দুই ডাচ ফরোয়ার্ড রুদ ফন নিস্তলরয় ও ওয়েসলি স্নেইডার। সুবাদেই ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। দিনের অন্য ম্যাচে রিক্রিয়েটিভো হুয়েলভার সঙ্গে গোলশুন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে চতুর্থ স্থানে নেমে গেছে ভিলারিয়াল। চতুর্থ ম্যাচে এসে তারা জয়ের দেখা পেয়েছে গেটাফেকে ৩-১ গোলে হারিয়ে। এছাড়া সেভিয়া গোলশুন্য ড্র করেছে ভালাদোলিডের সঙ্গে। রিয়াল বেটিস আলমেরিয়াকে হারিয়েছে ৩-১ গোলে।
সার্দিনিয়ায় ইনজুরির কারণে পূর্ণ শক্তির দল খেলাতে না পারলেও সহজ জয় নিয়েই ফিরেছে ইন্টার। ক্যালিয়ারির বিপক্ষে গোল দুটো করেছেন হুলিও ক্রুজ ও ডেভিড সোয়াজো। ১৬ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৪০, দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে তারা। তুরিনোর সঙ্গে গোলশুন্য ড্র করে আরো পিছিয়েছে রোমা। পঞ্চম স্থানে থাকা ফিওরেন্টিনা ২-২ গোলে ড্র করেছে সাম্পদোরিয়ার সঙ্গে। পালের্মো ৩-১ গোলের জয় পেয়েছে আটলান্টার বিপক্ষে। রেজিনাকে ৩-০ গোলে হারিয়ে রেলিগেশন জোন থেকে অনেকখানি বেরিয়ে এসেছে পারমা। এম্পোলি ১-১ গোলে ড্র করেছে জেনোয়ার সঙ্গে। একই ফলাফল হয়েছে সিয়েনা ও নাপোলির ম্যাচে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৩০ঘ.
bdnews24