ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টেলিটক মোবাইল কোম্পানিকে পাশে পেয়ে দারুন খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিডর ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে আবাহনী-মোহামেডান সিরিজের স্পন্সর টেলিটকের সঙ্গে চুক্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "টেলিটককে প্রস্তাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা রাজি হয়ে যায়। আশা করি প্রথমবারের মতো আয়োজিত আবাহনী-মোহামেডান সিরিজটি দারুণ জমে উঠবে। দু দলের সমর্থকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানাই আমরা।"
সোমবার থেকে শুরু সিরিজের নাম দেওয়া হচ্ছে "টেলিটক সেরা তিন"। ম্যাচ তিনটি হবে আগামী ৩, ৫ ও ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথমবারের মতো ক্রীড়ার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হাসানও, "ক্রীড়ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম। আশা করি আমরা সবার সহযোগিতা পাবো। তবে বাফুফের এরকম একটি উদ্যোগকে আমরা সমর্থন জানাই।" স্পন্সর বাবদ তারা বাফুফেকে দিচ্ছে ৩ লাখ টাকা।
তবে এই সিরিজকে সফল করতে টেলিটকের খরচ আরো বেশি হবে বলে দাবী করেছেন তাদের মার্কেটিং ম্যানেজার শাহনেওয়াজ চৌধুরী। "আজ (শনিবার) রাত থেকে মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রচারনা শুরু করবো। বিভিন্ন জায়গায় টিকেট বিক্রির বুথও খোলা হবে"---- জানিয়েছেন টেলিটকের মার্কেটিং ম্যানেজার। আর বাফুফে রোববার সকাল ১১ টায় আয়োজন করবে একটি প্রচারণা র্যালির। এই র্যালি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯১৩ঘ.
bdnews24