২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোকায় এক বছর বিনে পয়সায় খেলবেন রিকুয়েলমে

নামেই একটা ক্লাব আছে তার। হুয়ান রোমান রিকুয়েলমে স্প্যানিশ প্রিমেরা লিগার দ্বিতীয় স্থানে থাকা ভিলারিয়ালের খেলোয়াড়। অনুশীলনও করেন দলের সঙ্গে। কিন্তু খেলার সুযোগ পান না। অথচ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন নিয়মিত। এবার ক্লাবের ব্যাপারে একটা সুরাহা চাইছেন আর্জেন্টাইন এই প্লেমেকার। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেতে বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

মাদ্রিদ, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নামেই একটা ক্লাব আছে তার। হুয়ান রোমান রিকুয়েলমে স্প্যানিশ প্রিমেরা লিগার দ্বিতীয় স্থানে থাকা ভিলারিয়ালের খেলোয়াড়। অনুশীলনও করেন দলের সঙ্গে। কিন্তু খেলার সুযোগ পান না। অথচ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন নিয়মিত। এবার ক্লাবের ব্যাপারে একটা সুরাহা চাইছেন আর্জেন্টাইন এই প্লেমেকার। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেতে বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মৌসুমের মাঝামাঝি ভিলারিয়ালের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির সঙ্গে বাদানুবাদের পর থেকে বেঞ্চেও বসার সুযোগ পাচ্ছেন না রিকুয়েলমে। কিন্তু জাতীয় দলে খেলার জন্য চাই নিয়মিত খেলায় থাকা। সে কারণেই ক্লাব বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন রিকুয়েলমে। বলেছেন, "আমি একজন সহজ সরল মানুষ। আমার একটাই চাওয়া, প্রতি রোববার যেন ফুটবল খেলতে পারি। আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পেতে এ ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আর এ ব্যাপারটাই আমাকে প্রেরণা জোগাচ্ছে।" মাঝে টটেনহাম হটস্পার থেকে প্রস্তাব পেলেও দেশে ফেরার ইচ্ছে থেকে সেই প্রস্তাবে সায় দেননি রিকুয়েলমে। আর আর্জেন্টিনায় ফেরার জন্যই সাবেক ক্লাব বোকা জুনিয়র্সকে বেছে নিয়েছেন তিনি। ভিলারিয়াল, বোকা এবং রিকুয়েলমের মধ্যে শিগগিরই এ ব্যাপারে একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানা গেছে। ক্লাব বদলাতে কতটা মরিয়া সেটা বোঝাতেই রিকুয়েলমে বলেছেন, "মানুষের জানা উচিত যে এই তিন পক্ষের মধ্যে সবচেয়ে বড় ছাড়টুকু আমিই দিচ্ছি। বোকাকে প্রস্তাব দিয়েছি তাদের হয়ে এক বছর বিনা পারিশ্রমিকে খেলব। আর ভিলারিয়ালকে বলেছি চুক্তির বাকি দেড় বছরের জন্য আমাকে তাদের একটি কানাকড়িও দিতে হবে না।" টটেনহাম হটস্পারকে ধন্যবাদ জানিয়ে রিকুয়েলমের মন্তব্য, "তারা আমার প্রতি আগ্রহ দেখিয়েছে বলে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি সপরিবারে দেশেই ফিরতে চাই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭১৭ঘ.