মিলান/মাদ্রিদ/লন্ডন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দারুণ এক শট প্রতিহত হয়েছে পোস্টে। পেনাল্টিও আদায় করেছেন একটি। দীর্ঘ ছ'মাস বাদে ফেরাটা খারাপ হয়নি রোনালদোর। যদিও ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তার দল এসি মিলানকে। রোববার সিরি-এতে ক্যালিয়ারিকে ২-১ গোলে হারিয়েছে তারা। দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে জুভেন্টাস। পালেরমোকে ৫-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তুরিনের ক্লাবটি। স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার দারুণ সুযোগটি হাতছাড়া করেছে ভিলারিয়াল। আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে দুটো ম্যাচই ড্র হয়েছে। টটেনহাম হটস্পার ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্ল্যাকবার্ন রোভার্স ও ফুলহাম।
ক্যালিয়ারির মাঠে খেলা ম্যাচে চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়েছিল মিলান। কর্ণার থেকে হেড করে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন রবার্ট অ্যাকুয়াফ্রেস্কা। বিরতির আগে রোনালদোর জার্সি টেনে ধরায় রেফারি পেনাল্টি দেন মিলানের পক্ষে। কিন্তু কাকা মিস করেন তা। মিলানকে স্বস্তি দিয়ে সমতা ফিরিয়েছেন আলবার্তো জিলার্দিনো। ম্যাচের মিনিট পাঁচেক বাকি থাকতে আন্দ্রিয়া পিরলো জয়সূচক গোলটি করেছেন দলের পক্ষে। এই জয়ে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে মিলান। টানা দুই ম্যাচ ড্র করা জুভেন্টাস পালেরমোর বিপক্ষে দারুণভাবেই জয় পেয়েছে। ডেভিড ত্রেজেগে মৌসুমে তার ১১তম গোলটি করে এগিয়ে নিয়েছেন দলকে। ব্যবধান দ্বিগুন করেছেন ভিনসেঞ্জো ইয়াকুইন্তা। বদলি নামা আলেসান্দ্রো দেল পিয়েরো দুটো গোল করেছেন সেট পিস থেকে। জুভেন্টাসের বাকি গোলটি এসেছে মার্কো মার্চিওন্নির পা থেকে। দিনের অন্য ম্যাচে সিয়েনাকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে উদিনেসে। রেজিনার সঙ্গে গোলশূন্য ড্র করে চতুর্থ স্থানে নেমে গেছে ফিউরেন্টিনা। এছাড়া পারমাকে ১-০ গোলে হারিয়েছে লাৎসিও।
শনিবার রিয়াল মার্সিয়ার সঙ্গে ড্র করে ভিলারিয়ালকে শীর্ষে যাওয়ার সুযোগ করে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আলমেরিয়ার সঙ্গে ড্র করে সে সুযোগ হারিয়েছে তারা। এল মাদ্রিগালের এই ম্যাচে তুর্কি স্ট্রাইকার নিহাত কাহভেচির গোলে এগিয়ে গিয়েছিল ভিলারিয়াল। আগের চার ম্যাচে কোনো গোল না করা আলমেরিয়ার পক্ষে সমতা ফিরিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার আলভারো নেগ্রেদো। ২৮ পয়েন্ট নিয়ে রিয়ালের পেছনে দ্বিতীয় স্থানে আছে ভিলারিয়াল। দিনের অন্য ম্যাচে ভালাদোলিদকে ৪-৩ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাও ২-২ গোলে ড্র করেছে দেপোর্তিভো লা করুনার সঙ্গে। দিনের সবচেয়ে বড় অঘটনটির জন্ম দিয়েছে অবশ্য রেসিং সান্তান্দার। ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।
জার্মেইন ডেফো পেনাল্টি মিস করায় জয়ের নাগাল পেয়েও হারিয়েছে টটেনহাম হটস্পার। ২০ মিনিটের সময় কার্লটন কোলের গোলে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হাম। মাইকেল ডসন স্পারদের পক্ষে সমতা এনেছেন ৬৭ মিনিটে। ইনজুরি টাইমে পেনাল্টি পেলেও ডেফোর কিকটি ফিরিয়েছেন রবার্ট গ্রিন। দিনের অন্য ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফুলহামের বিপক্ষে একটি পয়েন্ট নিয়ে ফিরেছে ব্ল্যাকবার্ন রোভার্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৫০ঘ.
bdnews24