ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- থাইল্যান্ডের একটি দলের অংশ নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই। ৫টি দলের অংশগ্রহণেই চূড়ান্ত হয়েছে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল।
আগে থেকে পাঁচ দলের অংশগ্রহণের কথা শোনা গেলেও মাঝে থাইল্যান্ডের একটি দল আগ্রহ প্রকাশ করায় দ্বিধায় পড়ে গিয়েছিল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটি। বৃহস্পতিবার কমিটির সম্পাদক বাদল রায় স্পষ্ট করে বিডিনিউজকে জানিয়ে দিয়েছেন, "থাইল্যান্ডের দলটিকে নিতে পারলে ভালই হতো। কিন্তু তারা দেরীতে আগ্রহ প্রকাশ করেছে। আর ৬ দল হলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। সবদিক বিবেচনা করে তাদের টুর্নামেন্টে রাখতে পারছি না।"
মানে আগামী ২৮ নভেম্বর থেকে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফ্রেন্ডশিপ কাপ ফুটবল হচ্ছে পাঁচটি দলকে নিয়েই। দল ৫টি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান, কলকাতা মোহামেডান, নেপালের ফ্রেন্ডস ক্লাব এবং সর্বশেষ চূড়ান্ত হওয়া মালয়েশিয়ার পেরাক। প্রথমে নেপালের এনআরটি নামের একটি ক্লাবের কথা শোনা গেলেও তারা শেষপর্যন্ত ফ্রেন্ডস ক্লাবকেই পাঠাচ্ছে ঢাকার এই টুর্নামেন্টে। তবে এই ৫টি দলের মধ্যে ফেভারিট পেরাক। গত মৌসুমে ঘরোয়া ফুটবল লিগে রানার্স আপ হওয়া মালয়েশিয়ার দলটি দু'বার লিগ শিরোপা ও সাতবার কাপ জিতেছে।
এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তারপর শীর্ষ দুই দল আগামী ১০ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৯ঘ.
bdnews24