ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- স্বভূমিতে তাজিকস্তানের বিপক্ষে হার না-মানা পারফরম্যান্সে উদ্দীপ্ত বাংলাদেশ দলের লক্ষ্যটা ঠিক স্পষ্ট নয়। অ্যওয়ে ম্যাচে লক্ষ্যের প্রশ্নে এবার ড্রয়ের কথা বলছে না তারা। বলছে না ম্যাচ জেতার কথাও। প্রতিপক্ষের মাঠে তাজিকস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব উতরে যাওয়ার স্বপ্ন দেখছে, এমনও বলা কঠিন। কোচ নাঈমুদ্দিনও লক্ষ্যটা কী এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বলছেন, "আমার বিশ্বাস, তাজিকস্তানেও সিংহের মতো লড়াই করবে বাংলাদেশের ছেলেরা।" এই প্রত্যাশা নিয়েই ১৮ সদস্যের বাংলাদেশ দল বুধবার তাজিকস্তান রওনা হচ্ছে ২৮ তারিখের ম্যাচের জন্য।
এ মাসের ৮ তারিখ ঢাকায় তাজিকস্তানের বিপক্ষে দারুন লড়াই করে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। যা ছিল অপ্রত্যাশিত, তাই বাংলাদেশের পারফরম্যান্স তুলনা করা হয়েছিল বাঘের গর্জনের সঙ্গেও। কিন্তু কোচ সৈয়দ নাঈমুদ্দিনের পছন্দ বাঘ নয়, বীরোচিত লড়াইয়ের সঙ্গে তুলনা করতে বনের রাজা সিংহই তার পছন্দ, "আমার দলের মূল সম্বল হচ্ছে শুরু থেকে জেতার মানসিকতা নিয়ে লড়াই করে যাওয়া। তাজিকস্তান যে একেবারে খুব ভাল দল তা নয়। লড়াই করে গেলে তাদের বিপক্ষেও যে ভাল ফল করা যায় তা দেখিয়েছে বাংলাদেশের ফুটবলাররা।"
ওই ম্যাচের জন্য ২০ জন ফুটবলারকে রাখা হয়েছিল দলে। তাজিকস্তানগামী দলের আয়তন কমিয়ে ৪ ফুটবলারকে বাদ দিয়ে ১৬ জনে নিয়ে আসা হয়েছে। এই চারজনের মধ্যে বড় নাম নিশ্চয়ই সাবেক অধিনায়ক নজরুল ইসলাম; যিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ডিফেন্ডারের জায়গাটা কীভাবে পূরণ হবে ? "কারো জন্য কিছু থেমে থাকে না কখনো। নজরুলের জায়গায় আরিফ, শুভ্র ও মাহমুদুল হাসানের মধ্যে একজনকে খেলাবো। তারা খারাপ খেলবে না।" অথচ কোনো প্র্যাকটিস ম্যাচে তাদের পরীক্ষা করে দেখারও সুযোগ হয়নি। ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ আয়োজনের প্রাথমিক প্রতিশ্র"তি পাওয়া গেলে শেষপর্যন্ত বাফুফে তা করতে পারেনি। কেন করা যায়নি তার কোনো সুস্পষ্ট জবাব নেই। তবে বাংলাদেশের ভারতীয় কোচের ধারণা, "মনে হয় আর্থিক কারণেই বাফুফে পারেনি। যে কারণে দল ছোট করতে হয়েছে। আসলে খেলোয়াড়দের তেমন কিছু না দিয়েই আমরা তাদের কাছ থেকে ভাল খেলা কিংবা ভাল ফল আশা করছি। অথচ অপ্রাপ্তি নিয়েও তারা সাধ্যমতো চেষ্টা করে যায় মাঠে। ঠিক এজন্যই আমি গর্বিত বাংলাদেশ দল নিয়ে।"
যেমন জাতীয় স্বার্থের কথা ভেবে পূজার ছুটিও নেননি বিপ্লব-রজনীরা। সবাই কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করে নিয়েছেন তাজিকস্তানের বিপক্ষে অ্যওয়ে ম্যাচ খেলার জন্য। যে ম্যাচ নিয়ে অনেক স্বপ্ন হয়তো গোপন করে রেখেছে বাংলাদেশ দল ও নাঈমুদ্দিন। কিন্তু ইতিউতি শোনা যাচ্ছে বাফুফেরও এক গোপন ইচ্ছার কথা।
এ ম্যাচের পর নাকি নাঈমুদ্দিনের ছুটি হয়ে যেতে পারে বাংলাদেশ দল থেকে। এই ভারতীয় কোচের মাসে ১ লাখ টাকা বেতন খুব গায়ে লাগছে বাফুফের। তাছাড়া সাফ চ্যাম্পিয়নশিপও পিছিয়ে গেছে জুনে। সেজন্যই এই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যে আছে মিশ্রপ্রতিক্রিয়া। ফল ভাল হলে কোচকে বিদায় দেওয়াটা অশোভনই দেখায়, ভয় থেকে যায় সমালোচনার। খারাপ হলে তো দারুন এক ছুঁতো পেয়ে যাবে।
তাই এটিই হয়ে যেতে পারে বাংলাদেশের হয়ে নাঈমুদ্দিনের শেষ ম্যাচ!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০০ঘ.
bdnews24