লন্ডন, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এই মৌসুমে এটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ব্যবধানে জয়। শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে বড় জয় না পাওয়ার আক্ষেপ ঘোচানোর পাশাপাশি আরেকটা কাজও করলো 'রেড ডেভিল'রা। আর্সেনালকে পেছনে ফেলে তারাই এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে।
এ মৌসুমে বেশিরভাগ ম্যাচের মতো শনিবারও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যানইউ। বিরতির সময় তাই খানিকটা আশঙ্কার মধ্যেই ছিল তারা। তবে ৫৪ মিনিটে সব শঙ্কা দূর করে দেন কার্লোস তেভেজ। উইগানের দুজন ডিফেন্ডার এবং গোলকিপারকেও কাটিয়ে চমৎকার এক গোলে এগিয়ে দেন দলকে। এই গোলের পরই শুরু হয় তাদের গোলোৎসব। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৬ মিনিটে ওয়েইন রুনির ক্রসে দলের তৃতীয় গোলও এসেছে এই পর্তুগিজ ফরোয়ার্ডের পা থেকে। তার ঠিক ৬ মিনিট পর লিগে রুনির প্রথম গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ইংলিশ চ্যাম্পিয়নদের।
টানা ষষ্ঠ জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ম্যানইউ'র সংগ্রহ ২০ পয়েন্ট। আর্সেনালের পয়েন্ট ১৯, তবে তারা দুটি ম্যাচ কম খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে। রোববার সান্ডারল্যান্ডকে হারাতে পারলে আবার তারা উঠে যাবে লিগের শীর্ষে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24