হেরেই চলেছে ইংল্যান্ড
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে একটা স্বস্তির জয় পেয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জয়ের আনন্দ আবার ভুলতে বসেছে অ্যান্ড্রু ফ্লিনটফের দল। মঙ্গল বার আরেকটি ম্যাচে হেরেছে তারা। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসরা এবার ৭ উইকেটে রেকর্ড ৩১৮ রান তুলে ৫৮ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এ সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ খেলে দুটিতে হারলো তারা।
টসে জিতে ব্যাট করতে নেমে বেশ তাড়াতাড়িই অধিনায়ক ফ্লেমিং আর পিটার ফুলটনের উইকেট হারায় নিউজিল্যান্ড। দু’জনই আউট হয়েছেন ১৫ রান করে। তাদের বিদায়ের পরও ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথমবারের মতো ওয়ানডেতে তিনশ’ ছাড়িয়েছে তারা। সেটা সম্ভব হয়েছে লু ভিনসেন্ট (৭৬), রস টেলর (৭১) আর জ্যাকব ওরাম --- এর (৫৪*) ফিফটি তিনটির সুবাদে। এই তিনজনের পর ইনিংসে সর্বোচ্চ স্কোরার ‘মি.এক্সট্রা’। হ্যাঁ, এ ম্যাচে অতিরিক্ত খাতে ৩৭ রান দিয়েছে ইংল্যান্ড। অ্যান্ডারসন, মাইকেল ভনরা ফিটনেস টেস্ট উৎরাতে না পারায় এমনিতেই ছন্নছাড়া চেহারার ইংল্যান্ডকে কেমন যেন লক্ষ্যহীন মনে হয়েছে। ৩৩ রানে ক্যাচ দিয়েও লু ভিনসেন্টের পার পেয়ে যাওয়ার মাশুল গুনতে হয়েছে তাদের। নিউজিল্যান্ডের এই ওপেনারই শেষ পর্যন্ত পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
এই স্বীকৃতি অবশ্য জ্যাকব ওরাম -- ও পেতে পারতেন। ৩টি চার ও ৪টি ছক্কার সহায়তায় তার ৩৩ বলে অপরাজিত ৫৪ রান ছাড়া তো আর নিউজিল্যান্ড তিনশ’ পেরোতে পারত না! অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ৭১ বলে সেঞ্চুরি করে, দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েও প্রশংসা ছাড়া আর কিছু জোটেনি তার ভাগ্যে। সেবার ম্যান অব দি ম্যাচ হয়েছিলেন রিকি পন্টিং, এবার ভিনসেন্ট। ম্যান অব দি ম্যাচের উইকেটসহ মোট তিন উইকেট পেয়ে এ ম্যাচে ইংল্যান্ডের সফলতম বোলার প্লাঙ্কেট (৩/৫৪)। তবে সবচেয়ে কম রান দিয়ে দু উইকেট পেয়েছেন স্পিনার মন্টি পানেসার (২/৩৫)।
৩১৮ রান করতে নেমে ইংল্যান্ড কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। শুরু থেকেই তারা ছিল ওভার প্রতি রানের হিসেবে পিছিয়ে। ওপেনার এড জয়েস তার প্রথম ওয়ানডে ফিফটিকে (৬৬) বেশি এগিয়ে নিতে পারলে তবু হয়তো কিছু আশা করা যেতো। কিন্তু ভিনসেন্ট তাকে রান আউট করে সে সম্ভাবনাও নিশ্চিহ্ন করে দেন। ইনজুরি আক্রান্ত দলে যাদের কাছে আশা ছিল বেশি, সেই বেল (৩১), ফ্লিনটফ (১৩), স্ট্রাউস (১২), কলিংউডরা ১৭) একেবারেই ব্যর্থ। তাই জয়ের কাছে যাওয়া দূরের কথা,হারের ব্যবধানকে সম্মানজনক করাই হয়ে পড়েছিল মূল লক্ষ্য। অষ্টম উইকেট জুটিতে ৯.২ ওভারে ৭৬ রান করে সেই সান্ত্বনাটুকু অন্তত দিতে পেরেছেন পল নিক্সন (৪৯) আর প্লাঙ্কেট (২৫*)।
