সাফল্যের সংবর্ধনা এক বছর পর!
গুলশানের ইমানুয়েল রেস্টুরেন্ট থেকে অতিথিরা একে একে বেরিয়ে যাচ্ছেন। তখন নির্বাচক গোলাম নওশের প্রিন্সকে পেয়ে রসিকতা করার সুযোগ হাতছাড়া করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন,“কী আমার কমিশন কই! ৫০০ ডলার পেয়ে গেলেন।”
এর বন্দোবস্ত অবশ্য হয়েই ছিল। কিন্তু কারো হস্তগত আর হচ্ছিল না। গত বছর মার্চ --- এপ্রিলে শ্রীলংকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার পুরস্কার হিসেবে বাংলাদেশ অনুর্ধ্ব -- ১৯ দলের প্রত্যেক সদস্যের জন্য ৫০০ ইউএস ডলার করে পুরস্কার ঘোষিত হয়েছিল। ঘোষণা করেছিলেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী। প্রিন্স ছিলেন সেই দলের ম্যানেজার। কিন্তু পুরস্কারের অর্থ প্রিন্সসহ মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলের সদস্যরা পেলেন প্রায় একবছর পর, মঙ্গলবার।
পুরস্কার তুলে দেওয়ার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল ওই রেস্টুরেন্টে। অবশ্য বিসিবির এক বছরের পুরস্কার আরেক বছরে গিয়ে দেওয়ার এই রেওয়াজ অনেক দিনের পুরনো। জাতীয় ক্রিকেট লিগ কিংবা প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার প্রদানও বিলম্বে হয়ে থাকে। আর এবার যুব দলের সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠানে তিনিই থাকতে পারলেন না যিনি এর ঘোষণা দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবির অন্তবর্তীকালীন সভাপতি এম আব্দুল আজিজ। মনে হতে পারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানো এমন কী আর সাফল্য! তাছাড়া সাফল্য হলেও পুরস্কার এত দেরিতে দেওয়ায় তার ওপর ধূলো তো জমেই। জামিলউদ্দিন সেই ধূলো ঝেড়ে সাফল্যটাকে তুলে আনতে চাইলেন এভাবে,“কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে বললেই আমাদের এই দলটার সাফল্য সম্পর্কে পুরোটা বলা হবে না। ইংল্যান্ডের কাছে ওই ম্যাচটাতে ছেলেরা দুর্ভাগ্যজনকভাবে হেরে যায়। অথচ এই ইংল্যান্ড দলটাকেই ওরা কতবার যে হারিয়েছে! আর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ওরা গ্র“প পর্বেই হারিয়েছিল।”
