পূর্ণাঙ্গ কমিটি হয়েছে বি. লিগের
অবশেষে পূর্ণাঙ্গ কমিটিই হয়েছে বি. লিগের। এতদিন কমিটি বলতে শুধুই চেয়ারম্যান আব্দুর রহিম ও কো --- চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চুর নাম জানতো সবাই।
রোববার পুরো ৯ সদস্যের কমিটির নাম প্রকাশ করেছে বাফুফে। বাকি ৭ সদস্য হলেন মনির আহমেদ, দস্তগীর চৌধুরী, মঞ্জুর হোসেন মালু, গোলাম রসুল মোল্লা, মোজাম্মেল হোসেন মুক্তা, মনিরুল ইসলাম এবং পদাধিকার বলে বাফুফে সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
অবাক করেছে একমাসের আটকাদেশে এ মুহুর্তে কারাগারে থাকা দস্তগীর চৌধুরীকে কমিটিতে রাখার বিষয়টি। তদারকি সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামের এই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বাফুফে সম্পাদক আনোয়ারুল হক হেলালের বক্তব্য, “বি. লিগ তো আর একমাস চলবে না। তাছাড়া তিনি আগে থেকেই এই কমিটিতে ছিলেন।”
এর আগে কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী সালাউদ্দিন। তিনি বাফুফে থেকে পদত্যাগ করার পর রীতিমতো অকার্যকর হয়ে পড়ে এই কমিটি। তখনকার কমিটিতে দস্তগীর চৌধুরী ছিলেন বলেই এই কমিটিতেও বহাল রাখা হয়েছে তাকে।
