আরো বড় লজ্জায় ডুবল ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজের লজ্জা ভোলানো দূরের কথা, ত্রিদেশীয় সিরিজে সে লজ্জাকে আরো নতুন নতুন মাত্রা দিয়ে চলেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গো --- হারা হেরেছিল অ্যান্ড্রু ফ্লিনটফের দল। শুক্রবার অ্যাডিলেড ওভালে সে লজ্জা ম্লান! এবার ২৫.৩ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড হেরে গেছে ৯ উইকেটে।
এমন লজ্জা যে প্রায় অবধারিত তা বোঝা গিয়েছিল ম্যাচের প্রথম ভাগেই। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৪.৩ ওভারে ১১০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। গ্লেন ম্যাকগ্রা না খেলায় সুযোগ পাওয়া মিশেল জনসন ৪৫ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে বড় সর্বনাশ করেন তাদের। অবশ্য ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়া ব্রেট লি বা স্টুয়ার্ট ক্লার্ক (১/২১) , অ্যান্ড্রু সাইমন্ডস (১/২০), ব্র্যাড হগও (২/১৬) সারাক্ষণ ব্যাস্ত ছিলেন ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ করায়। পরিনামে এ সফরের সর্বনিু এবং ওয়ানডে ইতিহাসে নিজেদের নবম সর্বনিু স্কোরে অল আউট ইংল্যান্ড। ৩১ বলে ৩৫ রান করা ইয়ান বেল ছাাড়া আর কোনো ব্যাটসম্যানের ব্যাটিং সামান্য প্রশংসারও যোগ্য নয়। বেল ছাড়া কেউ ২০ রানও করতে পারেননি। দু অঙ্কের ঘরে পৌঁছেছেন শুধু স্ট্রাউস (১৭), জয়েস (১১), ফ্লিনটফ (১৬) এবং ড্যালরিম্পল (১০)। কার প্রশংসা করবেন, কোন মুখেই বা করবেন!
প্রশংসা শুধু অস্ট্রেলিয়া দলেরই প্রাপ্য। এই ম্যাচেও তারা রেখেছে চূড়ান্ত পেশাদারিত্বের স্বাক্ষর। সহজ টার্গেট বলে ব্যাটিংয়ে সামান্যতম আলগাভাবও দেখায়নি। অ্যাডাম গিলক্রিস্ট (২৩) রান আউট না হলে হেইডেনকে (৩০*) নিয়ে অধিনায়ক পন্টিংয়ের (৫১*) আর ব্যাট উঁচিয়ে জয় উদযাপনের সুযোগ হতো না। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হয়তো ডুবতে হতো উইকেটের হিসেবে সবচেয়ে বড় ব্যাবধানে হারার লজ্জায়। তাতে একজনের অবদান অবশ্য একেবারেই খাটো হতোনা। মিশেল জনসন। এ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে তাকেই।
