২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ভিসা প্রার্থীদের সাহায্যে পিসিবির উদ্যোগ

বিশ্বকাপ ক্রিকেট শুরুর সময় যত ঘনাচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা চিন্তায় পড়ে গেছেন বিশ্বকাপের খেলা দেখা নিয়ে। প্রিয় দলকে সমর্থন দিতে সুদূর ওয়েস্ট ইন্ডিজ যাবেন তারা। কিন্তু ভিসা জুটবে তো!

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এমন সংশয়ের পেছনে কাজ করছে ভিসা নিয়ে জটিলতা। আর তা কাটানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ আয়োজকদের আহবান জানিয়েছে সেদেশে একটি আঞ্চলিক ভিসা অফিস বসানোর জন্য।

আগামী ১৩ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজে বসছে বিশ্বকাপের আসর। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য ক্যারিবিয়ান কম্যুনিটি স্পেশাল ভিসার ব্যবস্থা করেছে আয়োজকরা। এ ভিসায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপের স্বাগতিক নয়টি দেশেই অবাধে ঢুকতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু সমস্যা হচ্ছে, এই ভিসা পেতে হলে দক্ষিণ এশিয়ার চারটি দেশ, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমর্থকদের আবেদন করতে হবে নয়াদিল্লীর ত্রিনিদাদ ও টোবাগোর কনস্যুলেট অফিসে।

প্রতিবেশী দেশে গিয়ে ভিসা আনা অনেক সমর্থকের জন্যই বাড়তি বিড়ম্বনা। এ কারণেই তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে পিসিবি।

বৃহস্পতিবার বোর্ডের মুখপাত্র এহসান মালিক বলেছেন, “আমরা আমাদের পররাষ্ট্র দপ্তরে অনুরোধ জানিয়েছি যাতে তারা ব্যাপারটি বিবেচনা করে। একইসঙ্গে কথা বলেছি বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে। আমরা আশা করছি তারা পাকিস্তানে একটি আঞ্চলিক অফিস বসাবে যাতে বিশ্বকাপের খেলা দেখতে যেতে আগ্রহী সমর্থকরদের সাহায্য হয়।”

মালিক জানিয়েছেন, ক্রিকেটপ্রেমী ছাড়াও ট্রাভেল এজেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠন থেকে তাদের কাছে অনুরোধ এসেছে ব্যাপারটি সুরাহার।

 “তবে আমরা শুধু মানুষকে সাহায্য করতেই পারব। আবেদনটা তাদের নিজেদেরই করতে হবে।”

ভিসা সমস্যার সমাধান না হলে বেশ কিছু গ্র“প ট্যুর বা দলীয় সফর বাতিল করতে হবে বলে আশঙ্কায় পড়েছেন পাকিস্তানের ট্রাভেল এজেন্টরা।

এদের এক মুখপাত্র তাহির রাজপুতের মতে, “পাকিস্তান একটি ক্রিকেটপাগল দেশ এবং বিশ্বকাপ নিয়ে এখানে সীমাহীন আগ্রহ।”