জাতীয় দলের ব্যাটসম্যানদের রানখরা এবং হাবিবুলের প্রত্যাশা
জিম্বাবুয়েতে খেলতে না যেতে হলে ঘরোয়া ক্রিকেটে অনুশীলনের মধ্যে থাকাটা আরো নিরবচ্ছিন্ন হতো হাবিবুল বাশারদের। তবে কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত খেলতে পারাটাও কম নয়। তার আগে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটটাও খেলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর ঘরোয়া ক্রিকেটের ময়দানে নামার আগে ব্যাটসম্যানদের নিয়ে এমন স্বপ্নই দেখছিলেন বাংলাদেশ অধিনায়ক,“আমি চাই ওরা সবাই বড় বড় ইনিংস খেলুক। ঘরোয়া ক্রিকেটে ভালো সময় গেলে বিশ্বকাপের আগে সবাই মানসিকভাবে চাঙ্গা থাকবে।”
প্রিমিয়ার ক্রিকেটের পঞ্চম রাউন্ড শেষে তার দলের ব্যাটসম্যানরা কি চাঙ্গা হতে পারছেন? এ প্রশ্নে বোধহয় একটু বিব্রতই হলেন হাবিবুল। কেননা পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে অধিনায়কের স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। সেঞ্চুরি তো নয়ই, এমনকি ফিফটি বা ফিফটির চেয়ে বড় ইনিংসের সংখ্যাও একেবারে নগন্য। হাবিবুলের দল মোহামেডানের জাতীয় দলের ব্যাটসম্যানদের দিয়েই তথ্য উপাত্তের উপস্থাপনটা শুরু হোক। ৫ ম্যাচ খেলে ১১৫ রান করা হাবিবুলের সর্বোচ্চ ইনিংস ৩৯ রানের। দুটো ফিফটিসহ ( ৮১ ও ৫৩*) সাকিব আল হাসানের ১৮৭ রানকেই ‘অনেক কিছু’ বলে মনে করাবে আফতাব আহমেদের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা। ৫ ম্যাচে আফতাবের মাত্র ৬০ রান, সর্বোচ্চ ৩২! অধিনায়ককে তাই পার পাওয়ার চেষ্টা করতে হচ্ছে এই কথা বলে,“এটা খূব দুর্ভাগ্যজনক যে ওরা কেউ এখনো রান করতে পারলো না।”
হাবিবুলের বাক্যের ‘ওরা কেউ’ শব্দ দুটো এখানে খুবই গুরুত্বপূর্ণ। কেননা অন্য দলে ছড়িয়ে ছিটিয়ে খেলা জাতীয় দলের প্রথম সারির ব্যাটসম্যানদের অবস্থাও ভালো নয়। গত বছর ওয়ানডে ক্রিকেটে এক হাজারের বেশি রান করা শাহরিয়ার নাফীস শেষ দিকে বেশ কিছু ম্যাচে ত্রিশের ঘরে আটকে গিয়েছিলেন। কিন্তু প্রিমিয়ার ক্রিকেটে সেই গ্রাফটা নেমে গেছে আরো। টুয়েন্টি টুয়েন্টির পর তার ব্যাটে রান নেই প্রিমিয়ার ক্রিকেটেও। শেষ তিন ম্যাচে বিশের ঘরে আটকে ছিলেন --- ২৮,২২ ও ২৫! সিটি ক্লাবের হয়ে ৫ ম্যাচে সবমিলিয়ে তার রান ৯৩! ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আরো বাড়িয়েছে ওল্ড ডিওএইচএসের মেহরাব হোসেন জুনিয়রের রীতিমতো রানই করতে ভুলে যাওয়া। ৫ ম্যাচে তার রান আফতাবের সমান, ৬০! কাকতালীয়ভাবে সর্বোচ্চ ইনিংসটাও একই, ৩২!
গতবছর দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে প্রথমে বাদ পড়েও জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে তাকে ফেরাতে বাধ্য করা মোহাম্মদ আশরাফুলও আছেন রানখরার ভেতর। সোনারগাঁ ক্রিকেটার্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করার প্রয়োজন না পড়লেও পরের চার ম্যাচে তার রান ৬, ৬*, ৬৫ এবং ০। এই স্কোরগুলোর দিকে তাকিয়ে আশরাফুলের নিজেরও সন্তুষ্ট হওয়ার কোনো উপায় নেই। অসন্তোষকে ক্ষোভ হয়ে প্রকাশিত হতে দিলেও কোনো লাভ নেই। সেজন্যই হয়তো হাবিবুল তার দলের ব্যাটসম্যানদের ঘরোয়া ক্রিকেটে রান না করার বিষয়টা ভুলেই যেতে চাইছেন,“রান করলে অবশ্যই খুব ভালো হতো। কিন্তু করতে পারেনি বলে সেটা নিয়ে ভেবেও খুব একটা লাভ নেই। জায়গামতো রান করতে পারলেই আমি খুশি।”
‘জায়গামতো’ বলতে আন্তর্জাতিক ক্রিকেটের কথাই বোঝাতে চাইছেন অধিনায়ক। ৩১ জানুয়ারি চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে হাবিবুল তার একটা বিশ্বাসের কথা অকপটেই জানিয়ে দিচ্ছেন,“ দেখবেন ওরা জায়গামতো ঠিকই রান করে ফেলবে।” বিশ্বাসের ভিত্তিটাও ব্যাখ্যা করতে ভুলছেন না তিনি,“আমাদের এই দলের অনেক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের স্বাদ পাওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছিল। এবং ওরা পারফর্মও করেছে। তাছাড়া গত বছরটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো কেটেছে আমাদের। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে রান করার বাড়তি মোটিভেশনটাও চলে আসে। বলছি না যে ঘরোয়া ক্রিকেটে তা আসে না। তবে আন্তর্জাতিক ক্রিকেটটা অন্যরকম।” ব্যাটসম্যানদের কাছ থেকে এবারের ঘরোয়া ক্রিকেট থেকে অন্যরকম কিছুর প্রত্যাশা করেই আপাতত থাকতে হচ্ছে। বাকীটা সময়ই বলবে!
