২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান জিতলেও হেরেছে বিমান

এক নবাগত অঘটন ঘটাতে পারলেও পারেনি আরেক নবাগত। না পারলেও শক্তিশালী প্রতিপক্ষের ভিত কাঁপিয়ে দিতে পেরেছে ঠিকই। মঙ্গলবার কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের সোনারগাঁ ক্রিকেটার্স ও ভিক্টোরিয়ার বিগ ম্যাচটা বাদ দিলে অন্য ম্যাচ দুটোর সারাংশ এমনই। বিকেএসপিতে প্রথম বিভাগ থেকে এবারই প্রিমিয়ারে উঠে আসা পারটেক্স ৫ উইকেটে হারিয়ে দিয়েছে বিমানকে। এটা লিগে তাদের দ্বিতীয় জয় । আর বিমানের তৃতীয় হার। আর নারায়নগঞ্জের ফতুল্লায় মোহামেডানের কাছে লড়াই করে ১৬ রানে হেরেছে ইয়াং পেগাসাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 09:34 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

চতুর্থ জয় নিয়ে মোহামেডান পয়েন্ট তালিকায় এখন সোনারগাঁ ক্রিকেটার্সের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৮, শীর্ষে থাকা আবাহনীর এখন ১০ পয়েন্ট।

মোহামেডান --- পেগাসাস

আগে ব্যাট করতে নামা মোহামেডানের শুরুটা একেবারে খারাপ হয়নি। দুই ওপেনার ইমতিয়াজ হোসেন (১৭) এবং জুনায়েদ সিদ্দিকী ৫০ রানের সূচনা এনে দেওয়ার পরপরই একটা মিনি ধস। মাত্র ১৯ বলে ৬ বাউন্ডারিতে ৩৩ রান করা জুনায়েদের পর দ্রুতই ফিরে যান আফতাব আহমেদও (৪)। ৫৯ রানে ৩ উইকেট হারানোর বিপর্যয় সামাল দেয় সাকিব আল হাসানকে (২৯) নিয়ে অধিনায়ক হাবিবুল বাশারের ৪৩ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর তিন ম্যাচ পর খেলার সুযোগ পেয়েই ম্যাচ সর্বোচ্চ স্কোরার ফয়সাল হোসেন ডিকেন্সেরও (৪৭) ৬৯ রানের পার্টনারশিপ আছে হাবিবুলের (৩৭) সঙ্গে। তাদের দুজনকে আউট করেই শুরু করা পেগাসাসের লালমোহন হোসেন এরপর প্রায় একাই মোহামেডানের লেজ মুড়ে দিয়েছেন। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। আর মোহামেডানও ৪৭.২ ওভারে অল আউট হয়ে যায় ২১৫ রানে। জবাবে পেগাসাসের ইনিংস শেষ হয়েছে ১৯৯ রানে।  পেগাসাসের যারাই মোহামেডানের সংগ্রহ টপকানোর স্বপ্ন দেখাচ্ছিলেন, তাদের প্রত্যেকেই ( লালমোহন ২৭, সাঈফ ২৯, রাইসুল ৪১) তাপস বৈশ্যের শিকার। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই হয়েছেন ম্যাচের সেরা।

পারটেক্স --- বিমান

পারটেক্সের বোলাররা ৩৫ টি ওয়াইড বল করেছেন। সবশুদ্ধ অতিরিক্ত খাতে দিয়েছেন ৩৯ রান। এবং এটাই ইনিংসের সর্বোচ্চ! তা না হলে যে বিমানের কী অবস্থা হতো! তারা টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানে অল আউট। এতে ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি পারটেক্সের  বোলার রেজাউল হক নাঈমের কৃতিত্বও আছে। মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন বললেই শুধু হচ্ছে না। তার বোলিং ফিগারটাও মনে রাখার মতো ১০ --- ৫ --- ১৭ --- ৫ ! এরপর রাজিন সালেহ’র হাফ সেঞ্চুরিতে (৫১) ৪৬ বল বাকী থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পারটেক্স।

সংক্ষিপ্ত স্কোর

 মোহামেডান : ৪৭.২ ওভারে ২১৫/১০ ( ইমতিয়াজ ১৭, জুনায়েদ ৩৩, আফতাব ৪, সাক্ব ২৯, হাবিবুল ৩৭, ফয়সাল ৪৭, সগীর ২১, তাপস ৪, আরাফাত ৯*, অতিরিক্ত ১৩, দেলোয়ার ১/৫০, সাঈফ ২/৪৭, মারুফ ১/৩২, শরীফুল্লাহ ১/৩২, লালমোহন ৫/৩৩)

ইয়াং পেগাসাস : ৪৭.৪ ওভারে ১৯৯/১০ ( জুবায়ের ১০, লালমোহন ২৭, মারুফ ১৪, ইফতেখার ১২, শরীফুল্লাহ ২৭, সাঈফ ২৯, রাইসুল ৪১, দেলোয়ার ১৭, অতিরিক্ত ১৫, মঞ্জুরুল ২/৩৯, তাপস ৪/৪৪, সাকিব ১/৩১, হাসিবুল ১/৩৭, আরাফাত ১/৩৫)

ফল :  মোহামেডান ১৬ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : তাপস বৈশ্য ( মোহামেডান)

বিমান : ৪৩.৩ ওভারে ১৩৪/১০ ( জাভেদ ১৪, মোশারফ ১৪, নাফিস ১৫, সানোয়ার ১৯, মুরাদ ১১, অতিরিক্ত ৩৯, দিপাজ্জ্বল ১/৩৫, আজিম ৩/৪৬, রেজাউল নাঈম ৫/১৭, রাশেদ ১/৯)

পারটেক্স : ৪২.২ ওভারে ১৩৮/৫ ( রাজিন ৫১, রাশেদ হানিফ ৪৮*, অতিরিক্ত ১০, রাসেল ১/২১, মোর্শেদ ২/২০, মুরাদ ১/৩২)

ফল : পারটেক্স ৫ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : রেজাউল হক নাঈম ( পারটেক্স)