২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কাছে নাজেহাল ইংল্যান্ড

আফসোস করতেই পারেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে ৯০ রানে হেরেছে বলে তো ইংলিশ অধিনায়ক নিশ্চয়ই হতাশ। সেই হতাশার জ্বালায় নুন ছেটাবে আরেকটি বাস্তবতা --- এখনকার দলটিতে ফ্লিনটফ শেষ মানে ইংল্যান্ডের জয়ের সব আশা শেষ। তাইতো ২১ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে মাত্র ২১০ রানে গুটিয়ে দেওয়ার আনন্দটা তার উবেই গেল। ড্যানিয়েল ভেট্টোরিদের বোলিং ইংল্যান্ডকে শেষ করে দিল ১২০ রানে!

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

২৪ রানে ৪ উইকেট নিয়ে ড্যানিয়েল ভেট্টোরিই নিউজিল্যান্ডের সফলতম বোলার। ১৭ রানে ৩ উইকেট পেয়ে ফ্র্যাঙ্কলিন আর মাইকেল ম্যাসনের জায়গায় দলে ফেরা বন্ড ৩২ রানে ২ উইকেট পেয়েও তাই দ্বিতীয় আর তৃতীয় সেরা। তবে বোলিংয়ে দলের সবাইকে ম্লান করে দিলেও শেষ বিবেচনায় ভেট্টোরি কিন্তু নিউজিল্যান্ডের জয়ের সবচেয়ে বড় নায়ক নন। এ স্বীকৃতি যার প্রাপ্য  হামিশ মার্শালের বদলে সুযোগ পাওয়া সেই জ্যাকব ওরাম তা পেয়েছেনও।

সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বড় বেকায়দায় পড়েছিলেন স্টিফেন ফ্লেমিং। দ্বিতীয় ওভারে অ্যান্ডারসনের বলে অ্যাস্টল কলিংউডকে ক্যাচ দেওয়ায় ৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সেই যে বিপর্যয়ের শুরু, তারপর থেকে একেবারে চালকের আসনে নিজেদের দেখার মতো অবস্থান কখনোই তাদের হয়নি। ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর একমাত্র ম্যাককালাম আর ওরামের জুটিতেই পঞ্চাশের বেশি রান এসেছে। আসলে পঞ্চাশ নয়, ওই জুটিতে ১২০ রানই পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ততক্ষণে ৪৬.৩ ওভার পার। তারপর ম্যাককালাম (৩০) ফ্লিনটফের বলে বোল্ড হলে আবার শুরু ব্যাটসম্যানদের মিছিল। ৮৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৮৬ রান করা ওরামকে অ্যান্ডারসন বিদায় করার পর ঝড়ো গতিতে রান তোলার কাজটা শুধু জেমস ফ্র্যাঙ্কলিনই (৯ বলে ১৪) খানিকটা করতে পেরেছেন। ইনিংসের শেষ বলে তার রান আউটের মাধ্যমে নিউজিল্যান্ডও অল আউট হয়ে যায় ২১০ রানে।

৫০ ওভারে ২১১ রান কঠিন কোনো টার্গেট নয়। কিন্তু ইংল্যান্ড ইনিংস শুরু করার পর কখনোই তা মনে হলো না। হলো না কারণ, ফ্র্যাঙ্কলিন,  ভেট্টোরি, শেন বন্ডরা সেই ফুরসতই ব্যাটসম্যানদের দিলেন না। ৭০ বলে দলের পক্ষে সর্ব্বোচ্চ ৪৭ রান করা এড জয়েস ছাড়া স্ট্রাউস (১৯) আর কলিংউডই (১০) শুধু দু অঙ্কে পৌঁছাতে পেরেছেন। এমন ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা আর বোলারদের দাপট ছাড়া কিসের ছবি ফুটে উঠবে?

১২.১ ওভার বাকি থাকতেই মাত্র ১২০ রানে অলআউট। ইংল্যান্ডের এ লজ্জার পাশাপাশি ওরামের ৮৬ রান যে কোনো বিচারেই অহঙ্কার করার মতো পারফরম্যান্স। ভেট্টোরিদের ডিঙ্গিয়ে তার ম্যান অব দি ম্যাচ হওয়া সে কারণেই খুব স্বাভাবিক।