সোনারগাঁর ৮৩ রানের লজ্জা
সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়ে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশ কিছুদিন। ত্র“টি শুধরানোর পর বোলিংয়ের ছাড়পত্র পাওয়া ওয়াসকুরুনি আহমেদ মঙ্গলবারই প্রথম প্রিমিয়ার ক্রিকেটে খেলতে নামেন। যদিও গ্রামীণফোন পেসার হান্টের প্রথম আয়োজনের এই আবিষ্কার সম্পর্কে হতাশাই ঝরছিল বিসিবির পেস বোলিং একাডেমির হেড কোচ সারোয়ার ইমরানের কন্ঠে,“অ্যাকশন শুধরালেও ওর গতি কমে গেছে অনেকটাই।”
তারপরও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন সোনারগাঁ ক্রিকেটার্সের প্রাথমিক বিপর্যয়ের কারণ ৩৩ রানে ৩ উইকেট নেওয়া ওয়াসকুরুনিই। কিন্তু বিপর্যয় সামাল দিয়ে ওঠা যায়। অভিজ্ঞতা ও তারুন্যের মিশেলে তারকাবহুল গতবারের রানার্স আপদের পক্ষে সেটা আরো বেশি সম্ভব ছিল। ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে তা না পারার একটাই কারণ হতে পারে --- ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং তাড়াহুড়ো। সেজন্যই টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৪.৫ ওভারে ৮৩ রানে অলআউট হওয়ার লজ্জা। সেই সঙ্গে গো --- হারা হারার প্রেক্ষাপটও তৈরি। ২৬.২ ওভারে ৪ উইকেটে ওই রান টপকে ভিক্টোরিয়া পেয়েছে ৬ উইকেটের জয়। মানে ৫১.১ ওভারেই শেষ ১০০ ওভারের ম্যাচ! এটা লিগে ভিক্টোরিয়ার তৃতীয় জয়। অন্যদিকে সোনারগাঁর প্রথম হারে পঞ্চম রাউন্ড শেষে আবাহনীই এখন কাই অ্যালটেক প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল।
লিগ টেবিলের শীর্ষে আবাহনীর সঙ্গী হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামা সোনারগাঁকে প্রথম ধাক্কাটা দেন ওয়াসকুরুনি। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে পরপর তুলে নেন মেহরাব হোসেন সিনিয়র এবং অলক কাপালিকে। দুজনেই উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ। ১৫ রানে ২ উইকেট হারানোর বিপর্যয় আরো ভয়ঙ্কর হয় তিন বলের ব্যবধানে জাতীয় দলের সাবেক ওপেনার আল শাহরিয়ার এবং অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সাজঘরের পথ ধরায়। মাত্র ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার নাজমুল হোসেন মিলন শর্ট কাভার থেকে সরাসরি থ্রো তে রান আউট করেন সোনারগাঁর সর্বোচ্চ স্কোরার শাহরিয়ারকে (২০)! ইনিংসের লেজটাও ছেঁটে দেন এই পেসার। আর আশরাফুল মুখোমুখি হওয়া প্রথম বলেই শাহনেওয়াজ কবীর শুভ্রকে স্টিয়ার করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর ওয়াসকুরুনি মার্শাল আইয়ুবকেও (০) বোল্ড করে দিলে মাত্র ১০ ওভার শেষেই ৩২ রানে ৫ উইকেট হারানো দলে পরিনত হয় সোনারগাঁ!
৮৩ রান তাড়া করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস এবং নাসিরুদ্দিন ফারুক (২১) ৬১ রান এনে দেওয়ার পর ভিক্টোরিয়া আরো বড়ো ব্যবধানেই জিতবে বলে মনে হচ্ছিল। তবে ৪ রানের মধ্যে তিন উইকেট হারানোয় তা আর হয়নি। অলক কাপালি ও মোহাম্মদ রফিককে মারা দুটো ছক্কাসহ ৪৩ রান করা কায়েসও ছিলেন ওই তালিকায়। কিন্তু ততক্ষণে ভিক্টোরিয়ার জয় নিয়ে কোনো সংশয়ই অবশেষ রেখে যাননি। দলের জয় দিয়েই শুধু নয়, ক্রিকেটে প্রত্যাবর্তনটা ওয়াসকুরুনি উদযাপন করেছেন ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দিয়েও।
সংক্ষিপ্ত স্কোর
সোনারগাঁ ক্রিকেটার্স : ২৪.৫ ওভারে ৮৩/১০ ( শাহরিয়ার ২০, মেহরাব ৩, অলক ২, জয়ান্থা ১৫, আশরাফুল ০, মার্শাল ০, আশিকুর ১৩, ধীমান ০, শরীফ ১, রফিক ২, অতিরিক্ত ১৯, শুভ্র ২/২৯, ওয়াসকুরুনি ৩/৩৩, মিলন ৩/১২, জাফর ১/২)
ভিক্টোরিয়া : ২৬.২ ওভারে ৮৫/৪ (কায়েস ৪৩, ফারুক ২১, মোস্তাকিম ৫, রিয়াদ ০, মুশফিকুর ২*, হাসানুজ্জামান ৬*, অতিরিক্ত ৮, জয়ান্থা ৩/৩, রফিক ১/২৩)
ফল : ভিক্টোরিয়া ৬ উইকেটে জয়ী
