ডিওএইচএসের বিপক্ষেও মাসুদ-বিহীন আবাহনী
দলের প্রথম ম্যাচেই বাঁ হাতের বুড়ো আঙ্গুলের চোট মাঠের বাইরে নিয়ে যায় আবাহনী অধিনায়ক খালেদ মাসুদকে। সে সময় তার বিশ্রামের জন্য পুরো ১০ দিন ধার্য করে দিয়েছিলেন জাতীয় দলের ফিজিও পল ক্লোজ। রোববার ছিল দশম দিন। তাই সোমবার নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসের বিপক্ষে এবার কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগে সোনারগাঁ ক্রিকেটার্সের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর ম্যাচে খেলার আশা করতেই পারতেন তিনি। আশা করেওছিলেন। কিন্তু রোববার বিকালে ক্লোজের সঙ্গে দেখা করতে গিয়ে জেনেছেন, পঞ্চম রাউন্ডের এ ম্যাচেও খেলতে বারণ। তাই ডিওএইচএসের বিপক্ষেও মাসুদবিহীন আবাহনীকেই দেখা যাবে।
অবশ্য খালেদ মাসুদের অনুপস্থিতিতে আবাহনীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তুষার ইমরান আগের কয়েকটা ম্যাচের মতো এ ম্যাচেও পাচ্ছেন না ওপেনার নাজমুস সাদাত এবং মাঞ্জারুল ইসলামের সার্ভিস। তারাও ইনজুরিতে। কিন্তু এসব তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারছে না মোটেই। প্রতিপক্ষ অধিনায়ক আকরাম খানের দৃষ্টিতে এর কারণটা এরকম,“ওই তিনজনের অনুপস্থিতি সত্ত্বেও আবাহনী ভুগছে না, কারণ, তাদের আরো অনেক ভালো খেলোয়াড় রয়ে গেছে। দেশসেরা খেলোয়াড়ও তো আছে ওদের। যেমন বোলার মাশরাফি।” আর তাদের বিপক্ষেই কিনা গত দুইবারের চ্যাম্পিয়নরা নামছে আগের ম্যাচেই কলাবাগানের মতো দলের কাছে হারের তিক্ত স্মৃতি নিয়ে,“ওই ম্যাচটা আমরা নিজেদের দোষেই হেরেছি। কলাবাগান ম্যাচ বাদ দিলে দেখবেন এর আগের সব ম্যাচেই আমাদের একাধিক খেলোয়াড় পারফর্ম করেছে। কিন্তু আগের ম্যাচটাতে তার লেশমাত্র ছিল না। আবাহনী ম্যাচে ভালো কিছু পেতে কী দরকার তার সূত্র তো ওই ম্যাচ থেকেই পাওয়া। ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি করতে হবে।”
এদিকে ঝুঁকি আছে বলেই মাসুদকে ডিওএইচএসের বিপক্ষে খেলতে নিষেধ করে দিয়েছেন জাতীয় দলের ফিজিও। মাসুদ নিজেই জানাচ্ছেন সে কথা,“আজ (রোববার) বিকালে পলের কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম, হয়তো এই ম্যাচটাতে খেলতে পারবো। কিন্তু তিনি বললেন, এখন খেললে ঝুঁকি নেওয়া হয়ে যাবে। তাই আমাকে এর পরের ম্যাচটাতে খেলার ছাড়পত্র দিয়েছেন। কিন্তু ওই ম্যাচে আবার উইকেটকিপিং করা যাবে না।”
সোমবার ম্যাচ আছে আরো দুটো। বিকেএসপিতে এবারের লিগে নিজেদের হারিয়ে খোঁজা সিটি ক্লাবকে বোধহয় আরেকটা বড় পরীক্ষাই দিতে হবে। কেননা, তাদের প্রতিপক্ষ এবার রীতিমতো ‘জায়ান্ট কিলার’ এর মর্যাদা পেয়ে যাওয়া কলাবাগান। দুটো জয় দিয়ে পয়েন্ট তালিকায় সিটির চেয়েও এগিয়ে থাকা এই দলটার ঠিক আগের ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর টাটকা স্মৃতিও আছে। সেটা তাদের ‘সিটি বধ’ এ আরো অনুপ্রাণিত করবে, নিশ্চিত। সিটি ক্লাব তবু একটা জয় পেয়েছে। বাদার্স এখনো পায়নি। সোমবার তারা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলবে আরেক জয় না পাওয়া দল ইন্দিরা রোডের সঙ্গে। এটাকে তাই প্রথম জয়ের লড়াইয়ের আখ্যাই দেয়া যায়!
