২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো - বাংলা গেমসে জাতীয় দল পাঠানোয় দিকে দিকে আপত্তি

গুণেমানে সাফ কিংবা এসএ গেমসের ধারেকাছেই নেই ইন্দো --- বাংলা গেমস। তাহলে এই গেমসে কেন বাংলাদেশ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় দল কিংবা এসএ গেমসের পদকজয়ীদের পাঠিয়ে নিজেদের মর্যাদা হানি ঘটাবে ?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 07:36 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ নিয়ে প্রথমে খটকা লাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। একটা দেশের জাতীয় দলের প্রতিপক্ষ হবে একটি রাজ্য দলÑÑÑ গেমসের এমন চরিত্র মানতে পারছেন না বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তার মতে, “প্রদর্শনী ম্যাচ হলে এরকম খেলা যায়। নইলে এটা আমাদের জাতীয় দলের জন্য খুবই অসম্মানজনক দেখায়।” তাই ইন্দো  ---- বাংলা গেমস খেলতে হলে বাফুফে কোনো বয়সভিত্তিক দলকেই পাঠাবে নতুন কোনো নাম দিয়ে।

আসলে গেমসটা হবে পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে। একটা রাজ্য বনাম একটা দেশ; খুবই অসামঞ্জস্যপূর্ণ চরিত্রের একটি গেমস। আর তা নিয়েই উৎসাহের অন্ত নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। কেন যে এত উৎসাহ তা বুঝে ওঠা কঠিন। এই গেমস উপলক্ষে বাংলাদেশ সরকারের কাছে প্রায় কোটি টাকা চেয়ে বসেছে বিওএ।

ভলিবলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানের কাছেও এটা বড় মাপের কোনো গেমস নয়। তার চোখে, “এটা একটা উৎসব। এখানে আমরা ভলিবলের জাতীয় দল পাঠাবো না। জাতীয় দলের কয়েকজন ও অন্যান্যদের নিয়ে একটা দল গড়বো। দলটার কী নাম দেয়া যায় তা নিয়েই ভাবছি আমরা।”

এরকম বিস্ময়কর চরিত্রের একটা গেমস যে হতে পারে তা প্রথম দেখিয়েছে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। কিছুদিন আগে দুই পাঞ্জাবের সম্মিলিত গেমস দেখেই দুই বাংলাকে নিয়ে গেমস করার চিন্তা আসে কর্মকর্তাদের মাথায়। এবং ২৩ ফেব্র“য়ারি থেকে কলকাতায় অনুষ্ঠেয় এই গেমসে আটটি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছে বিওএ। কিন্তু কেমন দল পাঠাবে, জাতীয় দল পাঠাবে কি ---না এ ব্যাপারে তারা কোনো দিকনিদের্শনা দেয়নি। তাছাড়া জাতীয় দলের ব্যাপারটা ফুটবল--- ভলিবল বুঝলেও কাবাডি বোঝে না। কিসে সম্মান হানি হয়, সে বিষয়েও তারা হয়তো খুব বেশি সচেতন নয়। তাদের কর্মকর্তা সুবিমল দাস অবশ্য খেলোয়াড় স্বল্পতাকেই বিকল্প চিন্তার পথে অন্তরায় হিসেবে উল্লেখ করেছেন, “আমরা জাতীয় দলই পাঠাবো। কারণ, আমাদের এত বেশি খেলোয়াড় নেই। ”

ওদিকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন এখনো কিছু ঠিক করেননি। তাদের যেহেতু দলগত খেলা নয়, তাই দেশের সেরা অ্যথলেটদের পাঠানো হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটা বিষয় বিবেচনায় নিলে যেসব অ্যথলেট এসএ গেমসে গিয়ে পদক জেতেন তাদের এধরণের গেমসে না পাঠানোই উচিত। কারণ, পশ্চিমবঙ্গের কোনো বাঙালী অ্যাথলেটকে এসএ গেমসে ভাল করতে দেখা যায়নি। তাই গড়পরতা মানের অ্যাথলেটদের সঙ্গে লড়ার জন্য এসএ গেমসের সোনাজয়ী মাহফুজুর রহমান কিংবা সুমিতাকে পাঠালে নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ হবে।

সত্যিকার অর্থে সাধারণ মানের এই গেমস হতে পারে দ্বিতীয় সারির অ্যাথলেটদের প্রতিদ্বন্দ্বিতার জায়গা। যারা এসএ গেমস, এশিয়াড কিংবা অলিম্পিকে যাওয়ার সুযোগ পান না তাদের জন্যই বড় একটা অনুপ্রেরণা হতে সুযোগ ইন্দো---বাংলা গেমস।