২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার 'সুলতান' ইনজামাম

শৈশবে নাকি হতে চেয়েছিলেন ফুটবলার। হলে কী ক্ষতিটাইনা হতো ক্রিকেটের। ‘মুলতানের সুলতান'কে তো দেখাই হতো না!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ইনজামাম - উল হককে যত দেখবেন, ততই মনে হবে এই কথাটা। পোর্ট এলিজাবেথে পাকিস্তান - দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবার মনে হয়েছে এ কথা  লিখেছেন আশীষ চক্রবর্ত্তী

 দলের প্রয়োজনের মুহুর্তে আবার সেই চিরচেনা ইনজামামকে দেখলো পোর্ট এলিজাবেথ। দেখলো ‘সুলতান’ ইনজামামকে। ব্যাট হাতে যিনি শাসন করতেই জানেন, শাসিত হতে নয়। যার ক্যারিয়ারের শুরুতে ‘কিং খান’ তার মাঝে দেখেছিলেন এ যুগের ভিভিয়ান রিচার্ডসকে। না, ভিভ হতে পারেননি, তবে ‘ইনজি’ যা হয়েছেন, তা কোনো অংশে কম তো নয়ই বরং বেশি। পাকিস্তান অধিনায়ক আজ স্বমহিমাতেই উজ্জ্বল।

উজ্জ্বলতা শনিবারও ছড়ালেন। দলের স্কোর যখন ৯ উইকেটে ১৯১, বড় লিডের আশার প্রদীপ যখন নেভার অপেক্ষায়, তখনই জ্বললেন, জ্বালিয়ে খাক করলেন এনটিনি, পোলক, নেলদের। এনটিনি এ ইনিংসে ৩০০ পেরোলেন। তবু তার ষোলো আনা না হোক, অনেকটাই বোধহয় মিছে। সুলতানের শির তো নোয়াতে পারলেন না! পাকিস্তান ২৬৫ রানে অল আউট। ১৪১ রানের লিড পাওয়া হয়ে গেছে শেষ উইকেটে তোলা ৭৪ টি অমূল্য রানের সুবাদে। ইনিংস শেষে ইনজামাম ৯২ নট আউট! ৮ রানের জন্য তার ২৬ তম সেঞ্চুরি হলো না বলে আফসোস? না, আফসোস করবেন না। কী হলে কী হতো এমন প্রশ্নের সামনে দাঁড় করালে ইনজামাম তো আর ইনজামামই থাকেন না। আসলে ‘রানআউট মাস্টার’ না হলে  তার রেকর্ড কোন জায়গায় গিয়ে ঠেকত তা -- ও কি ভেবে দেখেছেন?

ক্যারিয়ার শেষে এই রান আউটের বিশ্বরেকর্ড গড়ার বিষয়টিও হয়তো গৌণ হয়ে যাবে। চোখের সামনে ভাসবে, মুলতানে বাংলাদেশের বিপক্ষে খেলা অপরাজিত ১৩৮ রানের সেই ইনিংস। হ্যাঁ, সেবারও ইনজি লড়েছিলেন শেষ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে। পোর্ট এলিজাবেথের এই ইনিংসটাও  ভেসে উঠবে মনের আয়নায়। সেঞ্চুরি পাননি, তাতে কি! যোগ্য নেতার মতো দলের প্রয়োজনের মুহুর্তে সামনে থেকে নেতৃত্ব তো দিয়েছেন আবার!