বিশ্বসুন্দরীর প্রেমিক পারাদর্ন শ্রীচাপান!
টেনিসে র্যাংকিংয়ের শীর্ষ দশে ওঠা প্রথম এশিয়ান তিনি। তবে পারাদর্ন শ্রীচাপান কোর্টের বাইরেও সবসময়ই বড় খবর। থাই পপস্টার টাটা ইয়ংয়ের সঙ্গে রোমান্সে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এবার রোমান্সের নতুন খবর। থাইল্যান্ডের এই টেনিস তারকার নাম এবার জড়িয়েছে এক সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে!
২০০৫ সালের মিস ইউনিভার্স নাটালি গ্লেবোভা আর পারাদর্নকে ইদানীং নাকি প্রায়ই দেখা যাচ্ছে একসঙ্গে। পারাদর্নের বাবা চানচাই শ্রীচাপানও জানিয়েছেন দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠার খবর,“ বল (পারাদর্নের ডাকনাম) প্রায়ই নাতালির সঙ্গে দেখা করে।” এ কথার পর সাবেক বিশ্বসুন্দরীর সঙ্গে তার ছেলের দীর্ঘস্থায়ী সম্পর্কেও নিজের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন চানচাই, “ভবিষ্যতে ওরা যদি ‘সিরিয়াস’ সম্পর্কে জড়ায় তাতে কোনো আপত্তি থাকবে না আমার।”
চানচাই জানিয়েছেন রুশ বংশোদ্ভুত কানাডিয়ান গ্লেবোভার সঙ্গে পারাদর্নের পরিচয় থাইল্যান্ডে। সেখানকার এক মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানেই এখন চাকরি করেন গ্লেবোভা। গত সেপ্টেম্বরে ওই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক টেনিস টুর্নামেন্টেই গ্লেবোভা -- পারাদর্ন সাক্ষাত। তারপর থেকেই নাকি ডেটিং করছেন দুজনে!
