ব্রাজিলের পক্ষে খেলতে না পারার ব্যথা অনুভব করবেন রোনাল্ডো
পাঁচবারের বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিল দলের পক্ষে খেলতে না পারার বেদন ভুলতে পারবেন না বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। তবে আগামী বছর কোপা আমেরিকা ফুটবল আসরে নিজের পুরনো ফুটবল নৈপুণ্য মেলে ধরে আবার দলে ফিরতে চান তিনি।
রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রোনাল্ডো ৩০ তম জন্মদিন পালনের আগে আরো জানান, এই মুহূর্তে ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তার।
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে সমালোচিত খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডো ছিলেন অন্যতম। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দল নিজেদের সাধ্যমত খেলতে ব্যর্থ হয় এবং কোয়ার্টার--ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে।
কিন্তু বিশ্ব্কাপ ফুটবলে রোনাল্ডো তিন গোল করে নিজেকে নিয়ে যান অন্যরকম উচ্চতায়। বিশ্বকাপ ফুটবল আসরে সর্বোচ্চ ১৫টি গোল করার রেকর্ডটি এখন তারই।
বিশ্বকাপ ফুটবলের পর রোনাল্ডো বাম হাঁটুতে অস্ত্রোপচার করান এবং এই মৌসুমে ক্লাব কিংবা দেশের পক্ষে খেলা থেকে বিরত থাকার কথা জানান।
১৯৯৭ ও ১৯৯৯ সালের কোপা আমেরিকা কাপ জয়ী দলের স্ট্রাইকার রোনাল্ডো বলেন, “আমি ব্রাজিল জাতীয় দলের পক্ষে খেলতে না পারার অভাব অনুভব করবো। আগামী বছর আবারও কোপা আমেরিকা শিরোপা জয় করতে আমি দলকে সাহায্য করতে চাই।”
১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের বর্তমান কোচ ডুঙ্গার সাথে খেলেছিলেন রোনাল্ডো।
রোনাল্ডো বলেন, “আমি মনে করি ডুঙ্গা দলের জন্য ভালই কাজ করবেন। তিনি খেলোয়াড়দের ভাল করে জানেন এবং বাইরের কোনও বিষয়ে তিনি হটাৎ করে প্রভাবিত হন না।”
তিনি আরো বলেন, “কোচের দায়িত্ব হচ্ছে ভাল খেলোয়াড়দের বাছাই করে দলে জায়গা দেওয়া।”
জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে নিতে নারাজ রোনাল্ডো।
ক্লাব ক্যারিয়ার সম্পর্কে রোনাল্ডো বলেন, “রিয়াল মাদ্রিদের পক্ষে আমি এই মৌসুমের শিরোপা জয় করতে চাই। আমরা ভক্তদের জন্য শিরোপা জয় করতে চাই এবং আমি মনেকরি আমরা এখন পূর্ণাঙ্গ শক্তিশালি দল। আমি বেশকিছু বয়স্ক খেলোয়াড়কে জানি যারা এখনও ভালই খেলে যাচ্ছে। আমি মনে করি এখনও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সাধ্য আছে আমার।”
