২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম স্বর্ণপদক পেয়ে বাংলাদেশের মুখরক্ষা করলেন সাঁতারু রনি

না, বাংলাদেশ বিমুখ হলো না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত শেষপর্যন্ত বাজলো কলম্বোয় অনুষ্ঠিত এস এ গেমসের ষষ্ঠ দিনে এসে। সাঁতারু শাহজাহান আলী রনি স্বর্ণপদকের খরা কাটিয়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দেশের জন্য এনে দিলেন প্রথম সোনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

উনিশ বছর বয়সী বিকেএসপির রনি কলম্বোর সুগাঁথাদাসা ইনডোর স্টেডিয়ামের সুইমিংপুলে ৩০ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন। একশ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণজয়ী ভারতের সন্দীপ সেজওয়ালকে দশমিক ০৩ সেকেন্ড পেছনে ফেলে রনি এই অসামান্য কৃতিত্ব অর্জন করলেন। 

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের এই ইভেন্টে বাংলাদেশের নিয়াজ আলী ৩২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

বাংলাদেশের অপর সাঁতারু রুবেল রানা ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫ম স্থান অধিকার করলেও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন। এই ইভেন্টে ভারতের অর্জুন মুরলিধরন রানার চেয়ে মাত্র দশমিক ১২ সেকেন্ড এগিয়ে থেকে সোনা ছিনিয়ে নিয়েছেন।

মহিলাদের সাঁতারে ডলি আক্তার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৬ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক অর্জন করেছেন।  ৩৪ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন শ্রীলংকার মায়ুমিরাহেম। বাংলাদেশের অপর সাঁতারু মাহফুজা খাতুন ৩৬ দশমিক ৮৭ সেকেন্ড সময়ে ব্রোঞ্জপদক জিতে নিয়েছেন।

এদিকে মহিলা কাবাডিতে বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকার কাছে হেরে ব্রোঞ্জপদক পেয়েছে। পুরুষ ভলিবলে আফগানিস্তানকে ২৫-১৪, ২৫-২৩ এবং ২৫-১৩ সেটে পরাজিত করতে পারলেও ভারতের কাছে হকিতে বাংলাদেশ ৪--০ গোলে হেরে গেছে।