২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিফেন্ডার এ্যাশলে কোলের চেলসিয়া ক্লাবে বদলীর আশংকায় থিয়েরি অঁরি

আর্সেনাল ফুটবল ক্লাবের ফরাসি অধিনায়ক থিয়েরি অঁরি বলেছেন, ব্রিটিশ ডিফেন্ডার এ্যাশলে কোল চেলসিয়া বা অন্য কোনো ক্লাবে চলে গেলে আর্সেনাল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

গত মৌসুমে আজ্জুরি ফুটবলার প্যাট্রিক ভিয়েরা আর্সেনাল ছেড়ে চলে যাওয়ায় ক্লাব যে ক্ষতির মুখোমুখি হয়েছিল, এ্যাশলে কোল দল ছেড়ে চলে গেলে আর্সেনাল সেই একই ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন থিয়েরি অঁরি।

অপর তরুণ স্প্যানিশ ফুটবলার জোসে রিয়েসকেও হারাতে বসেছে আর্সেনাল। এক কোটি পাউন্ড বদলী ফি’র মাধ্যমে রেইসের রিয়াল মাদ্রিদে যোগ দেবার সম্ভাবনা রয়েছে।

এদিকে চ্যাম্পিয়নস লীগের কোয়ালিফাইং ম্যাচে আর্সেনাল ডাইনামো জাগরেবের বিরুদ্ধে ৩--০ গোলে জয়লাভ করেছে। এই খেলায় এ্যাশলে কোল দলে ছিলেন না এবং অপর খেলোয়াড় জোসে রিয়েসকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে আর্সেনাল। ফলে এই দুই ফুটবলারের এখনো অন্য কোনো ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লীগ খেলার সুযোগ রয়েছে। ম্যাচে অংশ না নেওয়ায় তাদের বদলী ফি’র পরিমাণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চেলসিয়ার প্রধান জোসে মৌরিনহো জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই কোলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে প্রিমিয়ার লীগে আর্সেনালের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চেলসিয়ার কাছে কোলকে ছেড়ে দেওয়ার বিষয়ে আর্সেনাল অধিনায়ক থিয়েরি অঁরি ঘোর আপত্তি জানিয়েছেন।

লন্ডনের সান পত্রিকায় এক সাক্ষাৎকারে এ্যাশলে কোলকে এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা লেফট-ব্যাক আখ্যায়িত করে থিয়েরি বলেন, আমি চাই কোল আর্সেনালেই খেলুক। কোল অন্য ক্লাবে চলে গেলে আমরা তাকে খুব ‘মিস’ করবো।

আর্সেনালের অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে থিয়েরি বলেন, গেইল ক্লিচি এবং ফিলিপ্পি সেনডেরোসের মতো তারকা ফুটবলাররা ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন। এ ছাড়া আরো কিছু ফুটবলার ইনজুরি সমস্যায় ভুগছে বলে থিয়েরি জানান।

এ্যাশলের চেলসিয়াতে চলে যাবার বিষয়ে থিয়েরি বলেন, তাকে চেলসিয়াতে চলে যেতে দেওয়া মানে আমাদের চির প্রতিদ্বন্দ্বীর হাতে আমাদেরই সেরা খেলোয়াড়ের একজনকে তুলে দেওয়া, যা মেনে নেওয়া খুব কঠিন ।

এদিকে আর্সেনালের প্রধান আর্সেন ওয়েগনার বলেছেন, তার ক্লাব শুধুমাত্র এ্যাশলে কোল এবং জোসে রিয়েসের ওপর নির্ভরশীল একটি দল নয়। রিয়েসকে দলে রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আর্সেন জানান, এ্যাশলে কোল চেলসিয়াতে যোগ দিলে সেই শূণ্যস্থান পূরণে আর্সেনালের কিছু পরিকল্পনা রয়েছে।