প্রোটিয়াসদের ক্রিকেট বোর্ডের নতুন নাম ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’
প্রোটিয়াসদের ক্রিকেট পরিচালনা পর্ষদ ‘ইউনাইটেড ক্রিকেট বোর্ড অব সাউথ আফ্রিকা’ তাদের বোর্ডের নাম পরিবর্তন করে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ রেখেছে।
ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সিইও জেরাল্ড মাজোলা বলেন, “বাজার গবেষণায় দেখাগেছে, ইউনাইটেড ক্রিকেট বোর্ড অব সাউথ আফ্রিকা ও ক্রিকেট সাউথ আফ্রিকা লিমিটেড নাম দু’টি ব্যবহার করতে শেয়ার-মালিকরা বিভ্রান্তিতে পড়েন।
তিনি আরও বলেন, “আমরা মনে করি, নাম পরিবর্তনের ফলে আমরা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য নতুন ব্রান্ড (লোগো) তৈরি করার সুযোগ পাবো।”
অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কেনিয়ার পর চতুর্থ ক্রিকেট দল হিসাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের নাম পরিবর্তন করলো। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ক্রিকেট এসোসিয়েশন ‘জিম্বাবুয়ে ক্রিকেট’ এবং কেনিয়ান ক্রিকেট এসোসিয়েশন ‘ক্রিকেট কেনিয়া’ নামে পরিচিত।
