ওযানডে ক্রিকেটে ২১ তম বোলার হিসেবে শাহাদাতের হ্যাট্রিক
একদিনের ক্রিকেটের ইতিহাসে ২১ তম বোলার হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন বাংলাদেশের ফাস্ট বোলার শাহাদাৎ হোসেন রাজীব। জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে শাহাদাৎ দলীয় ৩৯ ওভারে জিম্বাবুয়ের মুফাম্বিসি, চিগুমবুরা ও অধিনায়ক প্রসপার উৎসেয়াকে আউট করে এই অসামান্য গৌরব অর্জন করলেন।
শাহাদাতের বলে মুফাম্বিসি খোঁচা মেরে কিপার খালেদ মাসুদের তালুবন্দী হন। এর পরের বলেই ইয়র্ক লেন্থের একটি চমৎকার ডেলিভারিতে শাহাদাৎ লেগ বিফোরের ফাঁদে ফেলেন চিগুমবুরাকে। আর হ্যাট্রিক বলে জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া শাহাদাতের অবিস্মরণীয় শিকারে পরিণত হন।
একদিনের ক্রিকেটের ইতিহাসে ১৯৮২ সালে পাকিস্তানের বোলার জালালউদ্দিন প্রথম হ্যাট্রিক করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই খেলায় তিনি পরপর তিন বলে মার্স, ইয়ার্ডলি এবং জিএফ ল্যসনকে আউট করে ইতিহাসের পাতায় স্থান করে নেন।
তবে একদিনের ক্রিকেটে ২ টি করে হ্যাট্রিকের অধিকারী রয়েছেন মাত্র ২ জন পাকিস্তানি ক্রিকেটার। এরা হলেন: সর্বকালের সেরা বাঁ হাঁতি বোলার ওয়াসিম আকরাম এবং সতীর্থ স্পিনার সাকলায়েন মোশতাক। আকরাম ১৯৮৯ এবং ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হ্যাট্রিক দুটি করেন। সাকলায়েন মোশতাক ১৯৯৬ ও ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি হ্যাট্রিক করেন।
সবচেয়ে কম বয়সে হ্যাট্রিক করেন পাকিস্তানের ফাস্ট বোলার আকিভ জাভেদ। ১৯৯১ সালে মাত্র ১৯ বছর ৮১ দিন বয়সে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনি এই হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।
