২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন ও চুন্নুর পদত্যাগ পত্র গ্রহণ করেছে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি সোমবার বাফুফে’র ভাইস প্রেসিডেন্ট ও কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন এবং সহকারী সম্পাদক ও সাবেক ফুটবল তারকা আশরাফুদ্দিন আহমেদ চুন্নু’র পদত্যাগ পত্র গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জানা গেছে, বাফুফে প্রেসিডেন্ট এসএ সুলতানের সভাপতিত্বে এই সভায় বাংলাদেশ জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি’র (এনটিএমসি) পদত্যাগকৃত অন্যান্য সদস্যদের পদত্যাগ পত্রও গৃহীত হয়। সভায় বাফুফে’র প্রেসিডেন্টকে কেন্দ্র করে কাজী সালাউদ্দিনের মন্তব্যের নিন্দা করা হয়।

প্রসঙ্গত, অনুর্ধ্ব ২৩ জাতীয় দলের জন্য ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি’র সিদ্ধান্তের প্রতিবাদে সালাউদ্দিন বাফুফে’র ভাইস প্রেসিডেন্ট ও এনটিএমসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান এবং পদত্যাগ পত্র জমা দেন। সেই সাথে এনটিএমসি’র অন্য সদস্যরা এবং জাতীয় দলের টিম লিডার চুন্নু পদত্যাগপত্র জমা দেন।

তিন ঘন্টাব্যাপী জরুরী এই বৈঠক শেষে বাফুফে’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, সকল কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে এবং উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সালাউদ্দিনের আপত্তিজনক উক্তির নিন্দা জানিয়ে একটি নিন্দাপ্রস্তাব গ্রহন করা হয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘ নৈতিকভাবে অসৎ মিথ্যাবদী একজন প্রেসিডেন্টের অধীনে কাজ করা আমার জন্য অসম্ভব ব্যাপার’।

হেলাল জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী বাফুফে’র উপ- সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং সহকারী সম্পাদক অনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজে সমায়িকভাবে এনটিএমসি’র সকল কর্মকান্ড পরিচালনা করবেন। অপর দুটি শূণ্য পদের ব্যাপারে বাফুফে ৯ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেবে  বলেও তিনি জানান।

হেলাল সভার সিদ্ধান্তের ভিত্তিতে বলেন, একই ঘটনার পুনরাবৃত্তির ফলে বর্তমানে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এসব কর্মকর্তা ও সদস্যদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

বাফুফে প্রেসিডেন্ট এসএ সুলতান সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘টেকনিক্যাল কমিটির কাউকে দলের ম্যানেজার করার কোনো প্রয়োজন ছিল না কেননা ইতিপূর্বে কার্যনির্বাহী কমিটি থেকেও দলের ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে’।

একসাথে এতজন কর্মকর্তার পদত্যাগের বিষয়ে সুলতান বলেন যে, এ ব্যাপারে মূলত তার কিছুই বলার নেই কেননা প্রত্যেকেরই তার পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে স্বাধীনতা রয়েছে।