২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার বিরুদ্ধে ড্র’র সম্ভাবনা জিইয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা

কলোম্বোতে স্বাগতিক শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্ট জমে উঠেছে। চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৩১১ রান করে টেস্ট ড্র’য়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

টেস্ট জিততে হলে শেষ দিনে শ্রীলংকাকে দক্ষিণ আফ্রিকার বাকী ৬ টি উইকেট তুলে নিতে হবে। আর সম্মানজনক ড্র’য়ের জন্য সোমবার সারাদিন ক্রিজে থাকতে হবে প্রোটিয়াসদের।

প্রথম ইনিংসে মুরলিধরনের যাদুকরী স্পিন ও দিলহারা ফার্নান্ডো’র ঝড়ো বোলিংয়ে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। মুরলিধরন ও ফার্নান্ডো উভয়েই ৪ টি করে উইকেট নেন। এরপর লঙ্কাধিপতি মাহেলা জয়াবর্ধনে ও সতীর্থ কুমারা সাঙ্গাকারার ৬২৪ রানের সর্বোচ্চ পার্টনারশিপ রেকর্ডের মধ্য দিয়ে মাত্র ৫ উইকেটে ৭৫৬ রানের বিশাল ইনিংস রচনা করে লংকা বাহিনী। এই ৬২৪ রানের পার্টনারশীপে মাহেলা ৩৭৪ ও সাঙ্গাকারা ২৮৭ রান করেন। ৩৭৪ রান করে আউট হয়ে যাওয়ায় মাত্র ২৬ রানের জন্য ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটি ছুঁতে ব্যর্থ হন মাহেলা।

৫৮৭ রান পিছিয়ে থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করে প্রোটিয়াসরা। এই বিপুল রানের পাহাড় তাড়া করতে গিয়ে প্রোটিয়াসদের ভেঙ্গে পড়ার আশংকা করা হলেও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছে প্রোটিয়াস ব্যাটসম্যানরা। ওপেনার জ্যাক রুডলফ ৯০ রান এবং হল ৬৪ রান করে দলের একটি শক্ত ভিত করে দিয়ে যান। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যান প্রিন্স এবং মার্ক বাউচার দারুনভাবে ঠেকিয়ে রেখেছেন লংকান বোলারদের। চতুর্থ দিন শেষে চার উইকেট হারিয়ে প্রোটিয়াসদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩১১ রান। ফলে শ্রীলংকার লিড এখন ২৭৬ রানে এসে দাঁড়িয়েছে। প্রিন্স ৬০ রানে এবং বাউচার ৩৮ রানে অপরাজিত রয়েছেন। মুরলিধরন ও ফার্নান্ডো ২ টি করে উইকেট লাভ করেছেন।