মাগুরা যুবক-ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল-পর্বে
মাগুরা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়ে যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে উঠেছে। গত শনিবার মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাগুরা ৩-০ গোলে চুয়াডাঙ্গাকে পরাজিত করে।
খেলা শুরুর ছয় মিনিটের মাথায় কল্লোল প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় নুর ইসলাম দ্বিতীয় গোল করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। রিপন খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট বাঁকী থাকতে তৃতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।
টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ময়মনসিংহের বিরুদ্ধে টাঙ্গাইল ৬-০ গোলের বিরাট ব্যবধানে জয়লাভ করে আঞ্চলিক ফাইনালে উন্নিত হয়। আগামী সোমবার টাঙ্গাইল গাজীপুরের ফাইনাল ম্যাচ খেলবে।
মেহেদি হাসান একাই খেলার ১৭, ৩৬, ৬৪ ও ৭৩ মিনিটে মোট চারটি গোল করেন। শামিম আল মামুন ও নাসিরুদ্দিন যথাক্রমে ৩৬ ও ৮৩ মিনিটে একটি করে গোল করেন।
অপরদিকে বগুড়া, নিলফামারী ও নোয়াখালী তাদের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে।
জয়পুরহাট স্টেডিয়ামে টাইব্রেকারে বগুড়া ৭-৬ গোলে পাবনাকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। আগামী সোমবার সেমিফাইনালে বগুড়া রাজশাহীর বিরুদ্ধে খেলবে।
নয়নের হ্যাট্রিকের সুবাদে গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নিলফামারী ৩-২ গোলের ব্যবধানে কুড়িগ্রামকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। দিনাজপুর ও ঠাকুরগাঁও- এর মধ্যে বিজয়ীর সাথে নিলফামারী সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে।
নয়ন খেলা শুরুর প্রথম মিনিট, ৫২ ও ৬৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেছে। অপরদিকে জাহাঙ্গীর আলম ও হাসানুর রহমান যথাক্রমে ৫৬ ও ৭৩ মিনিটে একটি করে গোল করে গোলের ব্যাবধান কমান।
বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াখালী টাইব্রেকারে ৫-৪ গোলে চট্টগ্রামকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে খেলার ফলাফল নিশ্চিত করা হয়।
