২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটের আবর্তে দেশের ক্রীড়াঙ্গন

হকি, কুস্তি, মুষ্টিযুদ্ধ, জুডো এবং টেবিল টেনিস ফেডারেশনের সংকটের পর এবার দেশের জনপ্রিয়তম দুটি খেলা ফুটবল এবং ক্রিকেটকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আতাহার আলী খানের বিরুদ্ধে খেলাধূলার সামগ্রী প্রস্তুতকারক কোম্পানী  রিবকের সাথে জাতীয় দলের দুই ক্রিকেটারের সাথে চুক্তি নিয়ে অনৈতিকভাবে অর্থ গ্রহনের ব্যাপারটি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশানে (বাফুফে) অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের জন্য ম্যনেজার নিয়োগকে কেন্দ্র করে কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিয়ে এবারের বিতর্কের জন্ম দিয়েছে।

দেশের খেলাধূলার বেশ কয়েকটি সেক্টরেই ইতিমধ্যে বিতর্কিত অবস্থার সৃষ্টি হলেও ক্রিকেট ও ফুটবল অঙ্গনে এই নতুন বিতর্ক দেশের সকল সংগঠক থেকে শুরু করে সমর্থকদের দৃষ্টি আকর্ষন করেছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে ৫ টি একদিনের  আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ে সফর করছে। এদিকে আগষ্ট মাসে কলোম্বোতে অনুষ্ঠিতব্য সাফ গেমসে অংশগ্রহনের জন্য অনর্ধ্ব-২৩ ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে। এসময়ে বিসিবি এবং বাফুফে’র নিজেদের সংকটের কারনে ফুটবল এবং ক্রিকেট উভয়ই ক্ষতিগ্রস্থ হতে পারে বলে ক্রীড়া সংগঠকরা মনে করছেন।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলের সাথে রিবক কোম্পানীর চুক্তি এবং আশরাফুলের ইংল্যান্ডের রেইনহিল ক্লাবের সাথে চুক্তির ব্যাপারে বিসিবি’র দুই নির্বাচক অনৈতিকভাবে অর্থ গ্রহন করেছেন এমন অভিযোগের ভিত্তিতে বিসিবি বিতর্কের মুখে পড়েছে।

বিসিবি এব্যাপারে তদন্ত করার ঘোষনা দিলেও তদন্তকার্যে এখোনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি। এদিকে এই দুই নির্বাচকের বিরুদ্ধে তদন্তে করার কথা ঘোষণা দিলেও বিসিবি জানিয়েছে, এই দুই নির্বাচকের ওপর বিসিবি’র পূর্ণ আস্থা রয়েছে।

প্রকৃত ঘটনা বের করে আনতে এই দুই নির্বাচককে সাময়িকভাবে তাদের পদ থেকে অব্যহতি দেবার ব্যাপারে মন্তব্য করেছেন কয়েকজন বিশিষ্ট ক্রিকেট সংগঠক। নির্বাচকদের পদ থেকে অব্যহতি না দিলে হাবিবুল বাশার ও আশরাফুল প্রকৃত ঘটনা প্রকশ নাও করতে পারেন বলে মনে করছেন তারা।

বিসিবি জানিয়েছে, তারা বিসিবি’র সাধারন সম্পাদক এবং ক্রিকেট অপারেশানস কমিটির সভাপতি মাহবুবুল আনামের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।  শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সাফ গেমসের জন্য অনুর্ধ্ব-২৩ ফুটবল দলের ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তকে আবারো উপেক্ষা করার প্রতিবাদে কয়েকজন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ঘটনায় বিপাকে পড়েছে বাফুফে।

বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন বাফুফে’র ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় দলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সহকারী সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ চুন্নুও বাফুফে থেকে  এবং এশিয়া কাপ বাছাই পর্বের জন্য গঠিত বাংলাদেশ দলের টিম লিডারের পদ থেকে পদত্যাগ করেছেন।

সাইদ হাসান কানন জাতীয় দলের ম্যানেজিং কমিটির সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া কমিটির সদস্য গোলাম রব্বানী হেলাল, ইমতিয়াজ সুলতান জনি এবং মনির আহমেদ কমিটি’র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

জাতীয় দলের ম্যানেজিং কমিটির নীতি অনুযায়ী এবারের সাফ গেমসে জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে সাবেক কোনো ফুটবলারকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাফুফে তা না করে আমিরুল ইসলাম বাবুকে দলের ম্যানেজার নিয়োগ করলে বিসিবি’র এই কর্মকর্তারা পদত্যাগ করেন।

কাজী সালাউদ্দিনসহ এবং অন্যান্য কর্মকর্তারা গত বছর অক্টোবরে পদত্যাগ পত্র পেশ  করলেও পরবর্তীতে বাফুফে’র প্রেসিডেন্ট ও সাংসদ এস এ সুলতানের আশ্বাসের ভিত্তিতে তা প্রত্যাহার করে নেন। বাফুফে প্রেসিডেন্ট তখন আশ্বাস দিয়ে বলেছিলেন, জাতীয় দলের ম্যানেজিং কমিটির সকল সিদ্ধান্তকে বাফুফে মেনে নেবে।

এবারের পদত্যাগের ফলে বাফুফে’র প্রেসিডেন্ট এস এ সুলতান এবং সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল শুক্রবার জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বাফুফে’র নির্বাহী কমিটির এক জরুরী সভায় তারা এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

বাফুফে’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির এবং কার্যকরী সদস্য কানন ও হেলাল জানান, তারা শুধুমাত্র বাফুফে’র অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বাফুফে থেকে পদত্যাগ করছেন না।  এতে করে বোঝাই যাচ্ছে বাফুফে’র পরবর্তী সভায় আলোচনা বেশ উত্তপ্তই হবে।

ফুটবল এবং ক্রিকেট বাদে দেশের খেলাধুলার অন্যান্য সেক্টরগুলোও সমস্যার মুখে আছে। এ বছরের শুরুতে হকি ফেডারেশানের নির্বাচনকে কেন্দ্র করে আদালত ফেডারেশানের কর্মকান্ড বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে একটি অর্ন্তবর্তীকালীন আইনের মধ্যে দিয়ে ফেডারেশান পুনরায় তাদের কর্মকান্ড শুরু করেছে।

এদিকে কুস্তি ফেডারেশনের নির্বাচনের উপর ও জুডো ফেডারেশনের কার্যকরী কমিটির ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। এছাড়া টেবিল টেনিস ফেডারেশানের নির্বাচনও স্থগিত করে রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ।