রোনাল্ডোকে বিক্রি করবে না ম্যান ইউ
পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিক্রি করার কোনও পরিকল্পনা নেই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের। ম্যান ইউ’এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২১ বছর বয়সী পর্তুগীজ তারকা রোনাল্ডো স্পেনে খেলার আশা প্রকাশ করার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিক্রি করার কোনও সম্ভাবনা নেই। ক্রিস্টিয়ানো সম্প্রতি ২০১০ সাল পর্যন্ত আমাদের সাথে চুক্তি করেছে এবং ক্লাব আশা করছে, তিনি চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবেন। ক্রিস্টিয়ানোকে বিক্রির জন্য ক্লাব কোন প্রকার আলোচনা করবে না।”
বিশ্বকাপ ফুটবল আসরে পর্তুগাল ও ইংল্যান্ডের মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংলিশ স্ট্রাইকার ও ক্লাব সতীর্থ ওয়েন রুনিকে রেফারি লাল--কার্ড দেখানোর পর রোনাল্ডোর ভূমিকা নিয়ে সমালোচনা হয় ইংল্যান্ড জুড়ে।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড এই বিবৃতি প্রকাশ করার পর রোনাল্ডো বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ছেড়ে দেওয়ার কোনও কারণ নেই। তারা আমাকে সব সময় সমর্থন করেছে এবং নিজেকে খেলোয়াড় হিসেবে বিকশিত করতে সাহায্য করেছে।”
তিনি আরও বলেন, “ম্যান ইউতে ছাড়বো কি না এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি আমি এখানে থাকি তাহলে ভাল হবে। তবে যদি ছেড়ে যাই তাহলে তাও ভাল হবে।”
