২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রিকেট বিশ্বকাপ ২০১১’ এর উদ্বোাধনী অনুষ্ঠান বাংলাদেশে

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশে। আর ফাইনাল ম্যাচটি হবে অপর আয়োজক দেশ ভারতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

অন্যদিকে যৌথ আয়োজক পাকিস্তান ও শ্রীলংকা টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচের আয়োজন করবে ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও মাহমুদুর রহমান শনিবার লন্ডন থেকে বিডিনিউজকে জানান, লন্ডনে শুক্রবার আয়োজক চার দেশের ক্রিকেট বোর্ডের যৌথ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, ভারতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, পাকিস্তানে ও শ্রীলংকায় সেমিফাইনাল এবং বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

মাহমুদুর রহমান জানান, এটা বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি বিশাল অর্জন।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ যৌথভাবে ২০১১ সালের বিশ্বকাপ আয়োজনের মর্যাদা লাভ করে।

বিশ্বকাপের মোট ৫৩টি ম্যাচের মধ্যে ভারতে ২২টি, পাকিস্তানে ১৬টি, শ্রীলংকায় নয়টি ও বাংলাদেশে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আসন্ন ২০০৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে।

এদিকে শনিবার বিভিন্ন বার্তা সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক আব্বাস জাইদির বরাত দিয়ে জানায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে ‘পাওয়ার ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আরো এক বছরের মেয়াদ বাড়িয়েছে।

জাইদি জানান, পাওয়ার ক্রিকেট কমিটিতে তাকে আরো তিন বছর রাখার চেষ্টা ছিল। কিন্তু তার মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে কেননা আমরা মনে করেছি অনান্য দেশেরও সুযোগ পাওয়া উচিত।

তিনি জানান, পাকিস্তান তার সাবেক অধিনায়ক মজিদ খানকে সুনীল গাভাস্কারের জায়গায় মনোনয়ন দিয়েছিল। কেননা তারা পাওয়ার ক্রিকেট কমিটির সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অখুশি।

‘থার্ড আম্পায়ার- এর কাছে খেলোয়াড়রা প্রতি ইনিংসে তিনটা আপিল করতে পারবেন’ পাওয়ার ক্রিকেট কমিটির এ সুপারিশের বিরুদ্ধে পাকিস্তান নেতৃত্ব দিচ্ছে।