২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল ম্যাচের অপেক্ষায় অলিম্পিস্ট্যাডিয়ন

বার্লিনের ঐতিহাসিক স্টেডিয়াম অলিম্পিস্ট্যাডিয়ন-এ রোববার ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং তিনবারের শিরোপা জয়ী ইতালি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জার্মানিতে ১৯৩৬ সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার জন্যই সেসময় এ স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। এবারের ফাইনালের জন্য স্টেডিয়ামটিকে আরো আধুনিকভাবে সাজানো হয়েছে। নান্দনিক দৃষ্টিকোণ থেকে এটি বর্তমানে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও সুন্দর স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের উপযোগী করে এই পুরোনো স্টেডিয়ামকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০ কোটি ৪২ লাখ ইউরো ব্যয় করা হয়েছে।  স্টেডিয়ামের অভ্যন্তরে দৌঁড়ানোর জন্য মূল মাঠের চারপাশ জুড়ে একটি দর্শনীয় নীল রঙের ‘রানিং ট্র্যাক’ রয়েছে। রাতের বেলা স্টেডিয়ামকে আলোকিত করতে রয়েছে পাঁচ হাজার আলোকবাতি যেগুলো ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। অলিম্পিস্ট্যাডিয়নের ফাইনাল ম্যাচে ৭২ হাজার দর্শক একসাথে উপভোগ করতে পারবে।

স্টেডিয়ামের মধ্যে দৌঁড়ানোর যে বিশাল  ট্র্যাক রয়েছে সেটি উপস্থিত দর্শকদের সাথে মাঠের ফুটবলারদের মধ্যে একটি দূরত্ব তৈরি করে রাখবে। ফলে খেলোয়াড়দের কাছে সমর্থন পৌঁছাতে ফ্রান্স ও ইতালির সমর্থকদের আরো জোরে চিৎকার করতে হবে।

১৯৭৪ সালে ফিফা বিশ্বকাপের ১০ম আসরের স্বাগতিক দেশ ছিল জার্মানি। সেই আসরে এই অলিম্পিস্ট্যাডিয়নে প্রথম রাউন্ডের মাত্র তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসরে এ মাঠে এ পর্যন্ত ৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা ও জার্মানির মধ্যেকার কোয়ার্টারফাইনাল খেলাটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। এই ঐতিহাসিক ম্যাচে স্বাগতিক জার্মানি টাইব্রেকারে আসরের টপ ফেবারিট আর্জেন্টিনা’কে ৪ -- ২ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিল।

স্টেডিয়ামটির মূল নকশা করা হয়েছিল ১৯১৬ অলিম্পিক আসরের জন্য। কিন্তু সেবার প্রথম বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি। পরবর্তীকালে ১৯৩৬ সালের অলিম্পিককে কেন্দ্র করে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।

মজার ব্যাপার হলো, সেসময়ে জার্মান রাষ্ট্রনায়ক ছিলেন অ্যডলফ হিটলার। তিনি সেবারের আসরে জাতি হিসেবে আর্যদের বিজয়কেই উপভোগ করতে চেয়েছিলেন। কিন্তু  হিটলারের মনোবাসনা চুরমার করে দিয়ে সেবার যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসে ওয়েনস একাই চারটি স্বর্ণপদক জিতে নেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, লং জাম্প এবং ৪  ১০০ মিটার রিলে দৌঁড়ে জেসে এই স্বর্ণপদকগুলো পান।

হিটলার-পরবর্তী জার্মানি অবশ্য এই মহান আমেরিকান কৃষ্ণাঙ্গ অ্যাথলেটকে তার যোগ্য সম্মান জানিয়েছে। এ স্টেডিয়ামকে ঘিরে  যে কয়েকটি সড়ক রয়েছে তার একটির নামকরণ করা হয়েছে জেসে ওয়েনস এর নামে।

২০০৪ সালে স্টেডিয়ামটি সংস্কারের পর উদ্বোধনের সময়ে তৎকালীন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অটো শ্চিলি বলেছিলেন, ‘এই অলিম্পিস্ট্যাডিয়ন হলো জার্মানির সকল উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। সেই সাথে স্টেডিয়ামটি নিজেই এর গোড়াপত্তনের কালো ইতিহাসটি আমাদের স্মরণ করিয়ে দেয়।