সাংবাদিকদের ওপর হামলা: ৪ মে চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনবেন তদন্ত কমিশন
চট্টগ্রামে সংবাদকর্মীদের ওপর পুলিশি হামলার মূল নায়কদের চিহ্নিত করতে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনবেন এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
তদন্ত কমিশন ৪ মে সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এবং ৭ মে সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে ভুক্তভোগীদের বক্তব্য গ্রহন করবেন।
সাংবাদিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ তদন্ত কমিশনের কাছে বক্তব্য পেশ করার অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে পুলিশের বর্বর হামলায় আন্তত ২০ সাংবাদিক আহত হন।
হামলায় নেতৃত্বদানকারী চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার (বন্দর) আলী আকবর খানকে ক্লোজ করা হয়। এছাড়া ঘটনার আরও দুই নায়ক এসি এনামুল হককে ক্লোজ এবং সার্জেন্ট আনোয়ার সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরবর্তীতে সরকার ঘটনার কারণ অনুসন্ধানে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে।
