ইংল্যান্ড ২০০৬ বিশ্বকাপ শিরোপা জয় করতে পারে: ম্যারাডোনা
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে সভেন গোরান এরিকসনের ইংল্যান্ড দল শিরোপা জয় করতে পারে বলে মনে করেন আর্জেন্টাইন সাবেক তারকা ফুটবলার ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা।
ইংলিশদের অভিজ্ঞতাই শিরোপা জয় করতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন এই নন্দিত ফুটবলার।
৪৫ বছর বয়সি ম্যারাডোনা বলেন, “পূর্বে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ইংল্যান্ড দলগুলো চাইতে এবারের দলটি ভাল।”
ইংল্যান্ডের সাবেক তারকা অধিনায়ক গ্যারি লিনেকারের সাথে এক সাক্ষাৎকারে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ম্যারাডোনা এইসব কথা বলেন।
১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে এই দুই তারকা ফুটবলার পরস্পরের বিরুদ্ধে মাঠে লড়াই করেছিলেন। তবে ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা।
সেই ম্যাচটির কারণে ম্যারাডোনা যেমন বিখ্যাত হয়েছিল, ঠিক তেমনি হয়েছিল কলঙ্কিত। ম্যাচের দু’টি গোলই করেন ম্যারাডোনা। প্রথম গোলটি ‘ঈশ্বরের হাত দ্বারা গোল’ নামে খ্যাত এবং দ্বিতীয় গোলটিকে ধরা হয় সর্বকালের সেরা গোল।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিনেকার জানান, ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যরাডোনার দ্বিতীয় গোলটি আমার ক্যারিয়ারে দেখা একমাত্র সেরা গোল।
