২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাশার সবচেয়ে মূল্যবান বাংলাদেশী খেলোয়াড়

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচ শেষে খেলোয়াড়দের বিভিন্ন ধরনের পুরস্কার প্রদানের সময় বাশারকে এ পুরস্কারটি প্রদান করা হয়।

বাংলাদেশের অধিনায়ক বাশার দু’টি পুরস্কার লাভ করেন। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য তিনি পেয়েছেন ১০০০ মার্কিন ডলার। গ্লোবাল অনলাইন সার্ভিসেস লিমিটেড এ পুরস্কার প্রদান করে। আর একদিনের সিরিজে সর্বাধিক রান সংগ্রহ করার জন্য ব্যাংক আল ফালাহ’র সৌজন্যে পেয়েছেন ১০০০ মার্কিন ডলার।

অস্ট্রেলিয়ার বামহাতি স্পিনার ব্রাড হগও দু’টি পুরস্কার পেয়েছেন। একদিনের সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য তিনি গ্রামীণফোনের সৌজন্যে পেয়েছেন ১৫০০ মার্কিন ডলার। আর একদিনের ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কারস্বরূপ তিনি ব্যাংক আল ফালাহ’র সৌজন্যে পেয়েছেন এক হাজার মার্কিন ডলার।

শুক্রবার অস্ট্রেলীয় ক্রিকেট দলের পক্ষে অভিষেক হওয়া উদ্বোধনী ব্যাটসম্যান মার্ক কসগ্রোভ তিনটি পুরস্কার লাভ করেছেন। ব্র্যাক ব্যাংকের সৌজন্যে মাস্টার ব্লাস্টার (১০০০ মার্কিন ডলার), রেকিট অ্যান্ড বেনকিজারের সৌজন্যে দ্রুততম অর্ধশতকের পুরস্কার (১০০০ মার্কিন ডলার) এবং গ্রামীণফোনের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার (১০০০ মার্কিন ডলার)।

আর অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট ‘ সেফ হ্যান্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এ জন্য ব্যাংক আল ফালাহ’র সৌজন্যে তিনি পেয়েছেন ১০০০ মার্কিন ডলার।